সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত
সাতক্ষীরা মেডিকেল কলেজে ২৫০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালুসহ তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। আন্দোলনের অংশ হিসেবে গতকাল সোমবার তাঁরা মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।
ওই মেডিকেল কলেজ ও কয়েকজন শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে তাঁরা ওই মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেন মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র আলমগীর হোসেন, মিজানুর রহমান, সাবরিন সরোয়ার, পরিন আক্তার প্রমুখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর ২০১১ সালের সেপ্টেম্বরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চালু হয়। বর্তমানে এখানে ২৫৬ জন ছাত্রছাত্রী অধ্যয়ন করছেন। কিন্তু আজও এই হাসপাতালটি পূর্ণাঙ্গ রূপে চালু হয়নি। শুধু মেডিসিন ওয়ার্ডটি ৩০ শয্যা নিয়ে নামমাত্র লোকবল নিয়ে চালু হয়েছে, ক্লিনিক্যাল ক্লাসের জন্য এটি যথেষ্ট নয়।
বক্তারা বলেন, ২৫০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালু না হলে দ্রুত তাঁদের পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করতে হবে। তাঁদের এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস, আইটেম, কার্ড, ওয়ার্ড ও সব কার্যক্রম বর্জন করা হবে।
মানববন্ধন শেষে মেডিকেলের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ও খুলনা বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দেন।