সাতক্ষীরা মেডিকেলে ডায়ালাইসিস শুরু
কিডনি বিকল হলে রক্ত থেকে বিষাক্ত পদার্থ বের করে সচল করার একমাত্র উপায় হলো ডায়ালাইসিস। বর্তমানে বাংলাদেশে এই চিকিৎসা বেশ ব্যয়বহুল। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কম খরচে সর্বোচ্চ চিকিৎসাসেবা দিতে ডায়ালাইসিস সেবা কার্যক্রম চালু করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ডায়ালাইসিস সেবা চালু করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী হাবিবুর রহমান।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক মুহম্মদ দেলোয়ার হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এস জেড আতীক, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী আরিফ আহমেদ, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক রুহুল কুদ্দুস, শিশু বিভাগের সহযোগী অধ্যাপক খান গোলাম মোস্তফা, হৃদ্রোগ বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হোসেন, সহকারী অধ্যাপক সঞ্জয় সরকার ও সহকারী রেজিস্ট্রার ফয়সাল আহম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম স্বল্পপরিসরে ২০১৫ সালের ৪ এপ্রিল চালু হয়। এরপর আস্তে আস্তে সিটি স্ক্যানসহ আধুনিক প্যাথলজি বিভাগও চালু করা হয়। এবার চালু করা হলো ডায়ালাইসিস বিভাগ। এখন থেকে সাতক্ষীরার রোগীরা এক হাজার থেকে দেড় হাজার টাকায় প্রতিবার ডায়ালাইসিস করতে পারবে এ হাসপাতালে।
মুহম্মদ দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে জার্মানির তৈরি বিশ্বমানের ফ্রেসিনিয়াস চারটি ডায়ালাইসিস মেশিন চালু করা হয়েছে। এখন থেকে সপ্তাহের রবি ও বুধবার ডায়ালাইসিস করা হবে। প্রতিবারে ব্যয় হবে এক থেকে দেড় হাজার টাকা। আরও ছয়টা ডায়ালাইসিস মেশিন বসানো হবে।
মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী আরিফ আহমেদ বলেন, সাতক্ষীরা থেকে বিভিন্ন হাসপাতালে প্রতিদিন ৫০০-৭০০ রোগী ডায়ালাইসিস করতে যায়। ডায়ালাইসিস সেবার কার্যক্রম চালু হওয়ায় সাতক্ষীরার মানুষ চিকিৎসাসেবার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল। কিডনি ক্ষতিগ্রস্ত রোগীরা এখন থেকে উপকৃত হবে।