সাতক্ষীরা রাজবাড়ী নড়াইলের শীতার্তরা পেলেন কম্বল

সাতক্ষীরা, রাজবাড়ী ও নড়াইলের চারটি উপজেলার ৫২০ জন শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গত দুই দিনে কম্বলগুলো বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। রাজবাড়ী ও নড়াইলে বিতরণ করা ৩২০টি কম্বল দেওয়া হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সৌজন্যে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় সকাল নয়টার মধ্যে পৌঁছে যান বন্ধুসভার সদস্যরা। তারপর তাঁরা গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া, চকবারা, হরিশখালী, ৯ নম্বর সোরা, বুড়িগোয়ালিনি ইউনিয়নের বুড়িগোয়ালিনি, দাঁতিনাখালী গ্রাম ও কলবাড়ি আশ্রয়কেন্দ্রে ২০০ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। কম্বল পেয়ে চকবারা গ্রামের নেছামতি খাতুন বলেন, ‘শীতি গায়ে দে ব্যাঁছতি পাবুনি।’
কম্বল বিতরণে সহায়তা করেন শ্যামনগর ৫২ নম্বর ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুপ্রিয়া রানী মণ্ডল, বুড়িগোয়ালিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শহীদুল ইসলাম, বুড়িগোয়ালিনি ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বিশ্বাস ও সংস্কৃতিকর্মী সালাউদ্দিন বাপ্পী। এ সময় বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বেলা সাড়ে ১১টায় বিভিন্ন বয়সী ১২০ জন শীর্তাত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এর আগে বন্ধুসভার সদস্যরা বিভিন্ন এলাকা ঘুরে শীতার্তদের তালিকা তৈরি করেন। এতে নেতৃত্ব দেন বন্ধুসভার সভাপতি প্রদ্যুৎ কুমার দাশ ও মনিরুজ্জামান মুন্না। সোমবার সকাল ১০টার পর থেকে সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আটটি ইউনিয়নের নারী, শিশু, প্রতিবন্ধী ও বৃদ্ধদের নিয়ে আসা হয়।
কম্বল পেয়ে রামকান্তপুর ইউনিয়নের চরবাগমারা গ্রামের শুকুর আলী সরদার (৫২) বলেন, ‘এখন থেকে শীতের মধ্যেও আরামে থাকা যাবে।’
নড়াইলের লোহাগড়া উপজেলার তিনটি এতিমখানায় এতিম শিশুসহ ৮০ জন শীতার্ত কম্বল পান। গতকাল সকালে জয়পুর আলিয়া মাদ্রাসা ও লোহাগড়া মসজিদপাড়া মাদ্রাসায় এবং দুপুরে শামুকখোলা মাদ্রাসায় এগুলো বিতরণ করা হয়। কম্বল দেওয়ার সময় জয়পুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. বদরুল আলম, শিক্ষক শিপলু শিকদার, মুক্তিযোদ্ধা শেখ আবদুর শুকুর, লোহাগড়া মসজিদপাড়া মাদ্রাসার প্রধান শিক্ষক এম এম এনামুল হক, শিক্ষক মো. সাইফুল ইসলাম ও শিক্ষক মো. রমজান আলী উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রাম সবুজ ফাউন্ডেশন মাঠে এবং কালিয়া মুক্তিযোদ্ধা সমবায় সমিতি কার্যালয় চত্বরে মুক্তিযোদ্ধাসহ নোয়াগ্রাম, দেওয়াডাঙ্গা, বাজেবাবরা ও কলামনখালী গ্রামের ১২০ জন শীতার্তকে কম্বল দেওয়া হয়।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা এবং রাজবাড়ী ও লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি)