সাতক্ষীরা শহর পুরোপুরি বিচ্ছিন্ন
১৮ দলের অবরোধে সাতক্ষীরা জেলা শহরের সঙ্গে উপজেলাগুলোর যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে। অধিকাংশ সড়কে গাছ, বিদ্যুতের খুঁটি, মাটির ঢিবি ও বাঁশের বেড়া দিয়ে অবরোধ সৃষ্টি করা হচ্ছে। অবরোধ কর্মসূচিতে ব্যবহার করা হচ্ছে শিশুদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন ধরে অবরোধে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা, অন্যোর মোড়, যুগিবাড়ি, গোপীনাথপুর; কদমতলা-বাঁশদাহ সড়কের একাধিক স্থানে; সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের বাঁকাল, পারুলিয়া, গরানবাড়িয়া, গাজীরহাট, হাদিপুর, নলতা; সাতক্ষীরা-দেবহাটা সড়কের একাধিক স্থানে ও সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুরসহ বিভিন্ন স্থানে গাছ কেটে, গাছের গুঁড়ি, বিদ্যুতের খুঁটি, মাটির ঢিবি ও বাঁশের ঘেরা দিয়ে অবরোধ করে রাখা হচ্ছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, রাতে সাতক্ষীরা থেকে সখিপুর পৌঁছাতে গাছের গুঁড়ি, কেটে রাখা গাছ ও মাটির ঢিবি সরাতে সরাতে তাঁদের তিন-চার ঘণ্টার ওপর লেগে যায়। আবার ফিরে আসার সময়ও একইভাবে অবরোধ করা হয়। ব্যারিকেড এমনভাবে দিয়েছে, মঙ্গলবার রাতে একটি ব্যারিকেড সরাতে এক ঘণ্টার ওপর লেগে গেছে। ব্যারিকেড দেওয়ার কারণে জেলা থেকে অধিকাংশ উপজেলার সদরে স্বাভাবিকভাবে যাতায়াত করা যায় না।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক জানান, গত দুই দিনের অবরোধে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুর রউফসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।