সাতক্ষীরা শহরের নিম্নাঞ্চল প্লাবিত
কয়েক ঘণ্টার ভারী বর্ষণে সাতক্ষীরা পৌরসভার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পাঁচ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে জমির ফসল, মাছের ঘের ও পুকুর।
সাতক্ষীরায় গত বুধবার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। এর মধ্যে বেশ কয়েক ঘণ্টা ভারী বর্ষণ হয়। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা গেছে, শহরের পৌরসভার ইটেগাছা বিলপাড়া, কামাননগর, পলাশপোল, কামাননগর, কামাননগর বউবাজার, পুরাতন রাজারবাগান, বদ্দিপাড়া কলোনি, কাটিয়া মাঠপাড়া, মধুমল্লারডাঙ্গী, মাঝখোলা, ডায়েরবিল, রথখোলার বিস্তীর্ণ এলাকা পানিতে একাকার হয়ে আছে। কাঁচা ঘরবাড়ি ধসে পড়ার উপক্রম হয়েছে। শতাধিক মাছের ঘের ও পুকুর ভেসে গেছে।
শহরের ইটেগাছা বিলপাড়ার ভ্যানশ্রমিক আবু বকরের জানান, তাঁর ঘরে পানি উঠেছে। একই এলাকার আমজাদ হোসেন, জামাত আলী, ফারুক হোসেন ও হাফিজুর রহমান জানান, তাঁদের বাড়ির আঙিনায় পানি থইথই করছে। বৃষ্টি অব্যাহত থাকলে রাতেই তাঁদের ঘরে পানি ঢুকবে। তাঁরা বলেন, একই অবস্থা তাঁদের এলাকার দুই শতাধিক পরিবারের।
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলী নূর খান জানান, ইটেগাছা বিলপাড়া, কামাননগর, পলাশপোল, ডায়েরবিল ও মাঝখোলা এলাকায় কয়েকজন প্রভাবশালী ঘেরমালিক পানিনিষ্কাশনের পথ বন্ধ করে মাছের ঘের করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। মাছের ঘের কেটে পানিনিষ্কাশন জরুরি হয়ে পড়েছে। না হলে কয়েক হাজার মানুষ স্থায়ীভাবে পানিবন্দী হয়ে পড়বে।
সাতক্ষীরা পৌরসভার মেয়র আব্দুল জলিল বলেন, হঠাৎ ভারী বৃষ্টি হওয়ায় সমস্যা দেখা দিয়েছে। তাঁরা শহরের ২৮টি এলাকার পানিনিষ্কাশনের জন্য প্রাণসায়ের খাল পরিষ্কারসহ দ্রুত পানিনিষ্কাশনের ব্যবস্থা নিচ্ছেন।
জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, মাছখোলার ডায়েরবিলে অপরিকল্পিত চিংড়ি চাষ করে পানিনিষ্কাশনের পথ বন্ধ করার বিষয়ে কাল (রোববার) বেলা ১১টায় জেলা শহর ও আশপাশের পানিনিষ্কাশন বিষয়ে জরুরি সভা আহ্বান করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।