সাতক্ষীরা শহরের প্রধান দুটি সড়ক গর্তে ভরা
প্রয়োজনীয় মেরামত না করায় সাতক্ষীরা শহরের প্রধান দুটি সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে শহরবাসী দুর্ভোগ পোহাচ্ছে।
শহরবাসীর কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শহীদ নাজমুল সরণি সড়ক শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কের একটি। এর পাশে জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও অনেক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এ সড়কের নারকেলতলা মোড় থেকে পাকাপোল মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
একই অবস্থা শহীদ রীমু সরণি সড়কের। সাতক্ষীরা পোস্ট অফিস থেকে হাটখোলা পর্যন্ত দুই কিলোমিটার সড়কের পাশে সাতক্ষীরা সরকারি কলেজ, পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজ ছাড়াও রয়েছে কয়েকটি সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর। এ সড়কটিও প্রায় দুই বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্য ফাইমুল হক জানান, শহরের এ দুটি সড়ক মেরামতের জন্য নাগরিক কমিটির পক্ষ থেকে মেয়র ও কাউন্সিলরদের একাধিকবার বলা হয়েছে। তাঁরা মেরামতের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু এখনো কাজ শুরুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, শহরের ওই দুটি সড়ক ছাড়াও খানপুর সড়ক, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন সড়ক, বড়বাজার সড়ক, চালতেতলা সড়ক, রসুলপুর সড়ক, রাজারবাগানসংলগ্ন সড়ক, প্রাণসায়ের খালের পশ্চিমপারের সড়কসহ মাছখোলা, সরকারপাড়া, লস্করপাড়া, কামানগর, কুকরালি, চৌধুরীপাড়া, পলাশপোল, কাটিয়া এলাকার ২৫টি সড়ক বেহাল পড়ে রয়েছে।
শহীদ নাজমুল সরণি সড়কের মুদি ব্যবসায়ী কাজী চান্দু জানান, সড়ক খারাপের কারণে খরিদ্দার আসে না দোকানে। রীমু সরণি সড়কের বাসিন্দা সফিকুল ইসলাম জানান, রিকশা কিংবা গাড়িতে উঠে এ সড়কে কেউ একবার এলে দ্বিতীয়বার আসবে না। শরীরে ব্যথা হবে। সড়কে ছোট-বড় গর্তে ভরা। বৃষ্টি হলে পানি জমে যায়। রোদে ধুলায় সড়কের পাশের বাসিন্দাদের বসবাস করা কঠিন হয়ে পড়ে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী দীলিপ কুমার মিত্র জানান, ওই দুটি সড়কসহ ১০টি সড়ক মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি। এ জন্য ব্যয় হবে সাত কোটি টাকা। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউজিআইআইপি প্রজেক্ট-২ অধীনে এসব সড়ক মেরামত হবে। নিয়ম অনুযায়ী টেন্ডার সম্পন্ন করে অনুমোদনের জন্য এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ঢাকায় ইউজিআইআইপি প্রজেক্ট-২ অফিসে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।
মেয়র আবদুল জলিল জানান, এসব সড়ক মেরামত করা পৌরসভার নিজস্ব অর্থায়নে সম্ভব ছিল না। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে টাকা পাওয়ার পর গুরুত্বপূর্ণ সড়কগুলো মেরামতের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।