সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালপাড়ের গাছ নিধন
সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালের পাড়ের বিভিন্ন প্রজাতির ২৫০টি গাছ কেটে ফেলা হচ্ছে। খাল পুনঃখননের কথা বলে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে গতকাল সোমবার থেকে গাছ কাটা শুরু হয়েছে।গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ হরতালের সময় জেলার বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের কর্মীরা তিন হাজার গাছ কেটে ফেলেন। এরপর সাতক্ষীরা শহরের ওই খালের পাড়ের গাছ কেটে ফেলায় ক্ষোভ প্রকাশ করে জেলা নাগরিক কমিটির সদস্যরা আন্দোলনের হুমকি দিয়েছেন।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিভাগ-১-এর কার্যালয় থেকে জানা গেছে, জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় ভরাট হয়ে যাওয়া প্রাণসায়ের খালের এল্লাচর থেকে কদমতলা সেতু পর্যন্ত ১০ কিলোমিটার অংশ পুনঃখননের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১২ সালের ২৮ জুন দরপত্র আহ্বান করা হয়। ওই বছরের ২০ সেপ্টেম্বর ঢাকার মের্সাস নিয়াজ ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৯২ লাখ ৫৫ হাজার টাকা। চলতি বছরের ১৪ এপ্রিল কাজ শেষ করার কথা। কার্যাদেশে কোথাও গাছ কাটার কথা উল্লেখ নেই।এদিকে খাল পুনঃখননের কাজ শুরু হওয়ার পর ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এ নিয়ে প্রথম আলোসহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে কাজ বন্ধ রাখা হয়। এর আগেই খনন করা এক কিলোমিটার এলাকায় খালের পশ্চিমপাড়ের বাবলা, মেহগনি, শিশু, চটকাসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক গাছ কেটে ফেলা হয়। এক মাস কাজ বন্ধ রাখার পর গত ২৫ মার্চ থেকে আবার খাল পুনঃখননের কাজ শুরু হয়।গতকাল সরেজমিনে দেখা গেছে, হাসেম আলী নামের এক ব্যক্তির নেতৃত্বে ৩৫-৪০ জন শ্রমিক খালের পূর্বপাড়ের গাছ কাটছেন। হাসেম আলী বলেন, তিনি সাতক্ষীরা কালেক্টরেট কর্মকর্তা-কর্মচারী বহুমুখী সমবায় সমিতির পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ হামিম হাসানের কাছ থেকে ৩০ মার্চ নিলামে এসব গাছ কিনেছেন। সাত দিনের মধ্যে গাছগুলো কেটে নিতে বলা হয়েছে। তাই আজ (গতকাল) সকাল থেকে তিনি গাছ কাটা শুরু করেছেন।সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্যরা বলেন, সাতক্ষীরা শহর থেকে এভাবে কয়েক শ গাছ কেটে নেওয়া হলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে। গাছ কাটা বন্ধ না হলে আন্দোলন গড়ে তুলবেন।জানতে চাইলে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক ও সবুজ সাতক্ষীরা বৃক্ষরোপণ প্রকল্প কমিটির আহ্বায়ক শেখ হামিম হাসান বলেন, সাতক্ষীরা কালেক্টরেট কর্মকর্তা-কর্মচারী বহুমুখী সমবায় সমিতি খালের দুই পাড়ে এসব গাছ লাগিয়েছিল। কিন্তু খাল খননে সমস্যা হচ্ছে বলে তারা এসব গাছ কেটে নিতে বাধ্য হচ্ছে। খাল কাটার স্বার্থেই গাছ কাটা হচ্ছে।সচেতন নাগরিক কমিটির সাতক্ষীরার সদস্য আবদুল হামিদ বলেন, গাছ লাগালেই কাটা যায় না। প্রাণসায়ের খালের দুই পাশে গাছ থাকায় শহরের পরিবেশ ভালো ছিল। এভাবে গাছ নিধন করা হলে শহরের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।