সাতক্ষীরা শহরের সড়কগুলো খানাখন্দে ভরা, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরের অধিকাংশ সড়ক খানাখন্দে ভরা। এর মধ্যে প্রধান সড়কগুলোর অবস্থা এতটাই খারাপ যে হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। এদিকে সড়ক প্রশস্ত করার জন্য শহরের প্রধান প্রধান সড়কের পাশের দোকানঘর ভাঙা হলেও গত চার বছরেও সড়কের ওপর থেকে বৈদ্যুতিক খুঁটিগুলো সরানো হয়নি। ফলে সড়ক প্রশস্ত না হওয়ায় যানজট লেগেই থাকে।শহরের শহীদ নাজমুল সরণির ব্যবসায়ী মাসুম হোসেন জানান, ডাকবাংলোর সামনের সড়কে এক বছর ধরে চলাচল করা যায় না। প্রচণ্ড ধুলায় ব্যবসা করা দায় হয়ে পড়েছে। ওই স্থান দিয়ে গাড়ি দূরের কথা, হেঁটেও চলা যায় না। একই কথা বললেন ওই সড়কের ব্যবসায়ী চান্দু আলী। সাতক্ষীরা পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, পৌরসভায় মোট ২৩৬ কিলোমিটার সড়ক আছে। এর মধ্যে ৮৫ কিলোমিটার পাকা, ২০ কিলোমিটার কাঁচা ও তিন কিলোমিটার ইটের সোলিং করা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক শহীদ নাজমুল সরণি ও শহীদ রীমু সরণি সবচেয়ে বেশি বেহাল। শহরের লস্কারপাড়া, মধ্য কাটিয়া, উত্তর কাটিয়া, সরকারপাড়া, রাজারবাগান, পলাশপোল, কামালনগর, মুনজিতপুর, পুরাতন সাতক্ষীরা, সুলতানপুর, ইটেগাছা, বাঁকালগাছা, রসুলপুর মধুমল্লারডেঙ্গী, বাঁকাল ও কুকরালি এলাকার অধিকাংশ সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অনেক স্থানে হেঁটে চলাচল করার মতো অবস্থাও নেই। শহীদ রীমু সরণির বাসিন্দা মাসুম আহমেদ জানান, এ সড়কটিও বছরাধিককাল ধরে খোয়া বেরিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ বিশেষ করে ছাত্র-ছাত্রী এ সড়কে যাতায়াত করে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। প্রাণসায়ের খালের পশ্চিম পাশের সড়কের বাসিন্দা আবুল খায়ের জানান, সড়কটি মেরামত না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সরকারপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম ও লস্কারপাড়ার বাসিন্দা আবদুল ওহাব জানান, সড়কগুলোর অবস্থা এতটাই খারাপ যে হেঁটেও চলাচল করা যায় না। প্রতি পদে পদে ঝুঁকি নিয়ে চলতে হয়। সাতক্ষীরা পৌরসভার মেয়র আবদুল জলিল বলেন, শহরের প্রধান প্রধান ২৯টি সড়ক চিহ্নিত করে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ১৩ কোটি ২৫ লাখ টাকা। কিন্তু প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় কাজ শুরু করা যাচ্ছে না। তবে জরুরি ভিত্তিতে অর্থ সংগ্রহ করে শহীদ নাজমুল সরণি ও রীমু সরণি মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের চলাচলের সুবিধার জন্য সড়কের মাঝখানের বৈদ্যুতিক খুঁটিগুলো সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ৫০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।