সাতক্ষীরা সদর হাসপাতালের গাইনি বিভাগে অস্ত্রোপচারের পর প্রসূতিদের শরীরে সংক্রমণ দেখা দিচ্ছে। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর সাতক্ষীরার সিভিল সার্জন তিন সদস্যের একটি মেডিকেল দল গঠন করেছেন।
সদর উপজেলার ইন্দ্রিরা গ্রামের শ্রীরাম মণ্ডল জানান, তাঁর স্ত্রী পুষ্প রানী মণ্ডল ১৪ সেপ্টেম্বর সদর হাসপাতালে ভর্তি হন। পরদিন গাইনি বিভাগের অস্ত্রোপচার কক্ষে তাঁর অস্ত্রোপচার করা হয়। ২১ সেপ্টেম্বর তাঁকে ছুটি দেওয়া হয়। বাড়ি যাওয়ার পর তাঁর অস্ত্রোপচারের জায়গায় সংক্রমণ দেখতে পান। বাড়িতে তিন দিন চিকিৎসা নিয়ে উন্নতি না হওয়ায় পরে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন।
সাতক্ষীরা শহরের ইটেগাছা গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী সালেহ খাতুন ৯ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। পরদিন তাঁর অস্ত্রোপচার করা হয়। দুদিন যেতে না যেতেই তাঁর অস্ত্রোপচারের জায়গায় সংক্রমণ দেখা দেয়। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ক্ষত স্থানের আঠা জোড়া লাগেনি। দগদগে ঘা থেকে পুঁজ বের হচ্ছে। তিনি এখনো হাসপাতালেই রয়েছেন।
একইভাবে কলারোয়া উপজেলার কেড়াগাছির নাজমা খাতুনের ৯ সেপ্টেম্বর, একই উপজেলার সুমি বিশ্বাসের ৩১ আগস্ট, তালা উপজেলার বাগমারা গ্রামের রোজিনা খাতুনের ১৭ সেপ্টেম্বর সদর হাসপাতালের গাইনি বিভাগে অস্ত্রোপচার করা হয়। পরে প্রত্যেকের অস্ত্রোপচারের জায়গায় সংক্রমণ দেখা দেয়। এখনো তাঁরা হাসাপাতাল ছাড়তে পারেননি। একইভাবে গত তিন সপ্তাহে গাইনি বিভাগে যেসব প্রসূতির অস্ত্রোপচার করা হয়েছে, তাঁদের প্রায় সবাই সংক্রমণে ভুগছেন।
গত বৃহস্পতিবার হাসপাতালের গাইনি বিভাগে গিয়ে দেখা যায়, অস্ত্রোপচারের প্রসূতিদের জন্য ১৫টি শয্যা থাকলেও সেখানে রয়েছেন ২৭ জন। শয্যা না থাকায় অনেককে বাধ্য হয়ে থাকতে হচ্ছে মেঝেতে। অস্ত্রোপচারের রোগী শয্যায় ছেলেমেয়ে নিয়ে ঘুমাচ্ছেন। কয়েকটি বিছানার ওপর স্বজনেরা খাচ্ছেন।
জানতে চাইলে সিভিল সার্জন সালেহ আহমেদ বলেন, সংক্রমণের বিষয়টি অনুসন্ধানের জন্য ২২ সেপ্টেম্বর গাইনি বিভাগের প্রধান রহিমা খাতুনের নেতৃত্বে একটি মেডিকেল দল গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
মেডিকেল দলের সদস্য গাইনি বিশেষজ্ঞ ফারহানা হোসাইন জানান, ধারণা করা হচ্ছে, বাইরের একজন সংক্রমিত রোগীকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে ড্রেসিং করার পর ভাইরাস ছড়িয়েছে। নিয়ম হচ্ছে, অস্ত্রোপচারের কক্ষ বন্ধ করে দিয়ে জীবাণু ধ্বংস করা। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় তা করা যাচ্ছে না। এ ছাড়া সংক্রমণে আক্রান্ত রোগীদের আলাদা করে রাখারও ব্যবস্থা নেই। দর্শনার্থীদের ভিড়, রোগীর বিছানায় বাইরের লোক বসা, খাওয়া ও ঘুমানোর কারণেও এসব হতে পারে। তিনি বলেন, গাইনি ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মী নেই। একজন কর্মী রয়েছেন; তাঁকে তিনি নিজে বেতন দেন। শৌচাগারও খুবই নোংরা থাকে।