সাতক্ষীরা সদর হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শয্যা ও চিকিৎসকের সংকটে সাতক্ষীরা সদর হাসপাতালে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শয্যাসংকট এতটাই প্রকট যে রোগীরা হাসপাতালের ওয়ার্ডের মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে। অনেকের ভাগ্যে তাও জুটছে না। ১৩ বছর আগে এটিকে ৫০ শয্যা থকে ১০০ শয্যায় উন্নীত করা হলেও সে অনুযায়ী লোকবল নিয়োগ করা হয়নি। হাসপাতালের যেখানে সেখানে ময়লা-আবর্জনা জমে থাকায় রোগীদের সমস্যা হচ্ছে।তালা উপজেলার কাদেরআটি গ্রামের হাসিনা খাতুন (৩৮) জানান, তিনি এখানে ৬ মার্চ ভর্তি হয়েছেন। শয্যা না পাওয়ায় বারান্দার মেঝেতে বিছানা করে চিকিৎসা নিচ্ছেন। গত শনিবার বেলা সাড়ে ১০টায় সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন ওয়ার্ডে রোগীদের প্রচণ্ড ভিড়। ওয়ার্ডের ভেতরে পা দেওয়ারও জায়গা নেই। শনিবার এ হাসপাতালে ১৭৩ জন রোগী ভর্তি ছিল।হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এ হাসপাতালটি ১৯৯৭ সালের ২৭ জুন ১০০ শয্যায় উন্নীত করা হয়। শুধু শয্যাসংখ্যা বাড়িয়ে ১০০টি করা হয়েছে। চিকিৎসক ও লোকবলসহ সবকিছুই ৫০ শয্যার হাসপাতালের অনুপাতে রাখা হয়েছে।হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, ১০০ শয্যা হাসপাতালের জনবল কাঠামো অনুযায়ী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে পদের সংখ্যা ১৭৪। কিন্তু এখানে চিকিৎসকসহ অন্যান্য পদে কর্মরত আছেন মাত্র ৬৭ জন। ৫০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী চিকিৎসকের ২৪টি পদের মধ্যে সাতটিই শূন্য। আবাসিক চিকিৎসক মধুসূদন কুমার মণ্ডল জানান, এখানে প্রতিদিন গড়ে ১৬০ থেকে ১৭০ জন রোগী ভর্তি থাকে। বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৭০০ রোগী দেখতে হয়।সিভিল সার্জন এবায়দুল্লাহ জানান, ১০০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী চিকিৎসক ও অন্যান্য পদে লোক নিয়োগ এবং নতুন ভবন নির্মাণের বিষয়ে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে বেশ কয়েকবার আবেদন পাঠিয়েছেন। কিন্তু এসব ব্যাপারে আজও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।