সাতক্ষীরা সিটি কলেজের অচলাবস্থা গতকাল রোববারও কাটেনি। স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম চললেও কোনো ক্লাস হয়নি। গত ৩০ জানুয়ারি থেকে কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে ছাত্রলীগের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। গত শনিবার কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলনকারীরা কলেজে ঢোকার পাঁচটি ফটকে তালা ঝুলিয়ে দেন। কলেজ ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান জানান, কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক ও উপাধ্যক্ষ শহীদুল ইসলামের দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ রয়েছে। অনিয়ম তদন্তে গঠিত কমিটি গত ২৯ জানুয়ারি কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. নজরুল ইসলামের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।শিক্ষার্থী মো. আসাদুজ্জামান, ইব্রাহিম হোসেন, জাকির হোসেন ও আনারুল ইসলাম জানান, ছাত্রলীগের নেতৃত্বে সাধারণ ছাত্ররা শনিবার সকাল নয়টার দিকে কলেজে ঢোকার পাঁচটি ফটকে তালা ঝুলিয়ে দেন। কলেজের অধ্যক্ষ এমদাদুল হক জানান, তিনি সাড়ে নয়টার দিকে কলেজে গিয়ে দেখেন, সব কটি ফটকে তালা ঝুলছে। একপর্যায়ে তালা ভেঙে কলেজ ভবনে ঢোকার ব্যবস্থা হয়।অধ্যক্ষ জানান, প্রথম ও চতুর্থ বর্ষ অনার্সের নির্বাচনী, কৃষি ডিপ্লোমা বিভাগের ব্যবহারিক পরীক্ষা শুরু করা হলেও সকাল সোয়া ১০টার দিকে ছাত্রলীগের নেতৃত্বে বহিরাগত ১৪-১৫ জন ছাত্র দা, রড, হকিস্টিক, লাঠিসহ কলেজের ভেতরে ঢোকে। তারা সাইনবোর্ড, বিজ্ঞপ্তি ফলক ভাঙচুরের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে সাধারণ ছাত্রদের পরীক্ষার কক্ষ থেকে বের করে দেয়। পরে ছাত্রলীগ ফটকে তালা লাগিয়ে দেয়।অধ্যক্ষ বলেন, তাঁদের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে, তাতে দুর্নীতির কোনো সত্যতা পাওয়া যায়নি। কিছু অনিয়ম পাওয়া গেছে। কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, আজ সোমবার কলেজ ছাত্রলীগ ও সাধারণ ছাত্রদের সঙ্গে আলাপ-আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।