সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি- অনিয়মের অভিযোগ তুলে ছাত্রলীগের নেতৃত্বে সাধারণ ছাত্ররা ওই দুজনকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করেছে। ছাত্ররা তাঁদের কক্ষে তালাও ঝুলিয়ে দিয়েছে। গতকাল সকাল ১১টায় এ ঘটনা ঘটে। এ অবস্থায় কলেজের শিক্ষকেরা গতকাল এক জরুরি সভা করে কলেজের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আবু আহমেদকে দায়িত্ব দিয়েছেন।কলেজের ছাত্রলীগের সভাপতি এ এন বি মামুন হোসেন জানান, অধ্যক্ষ এমদাদুল হক ও উপাধ্যক্ষ শহীদুল ইসলামের বিরুদ্ধে অনিময় ও দুর্নীতি তদন্তের জন্য কলেজের সাধারণ ছাত্ররা কলেজ পরিচালনা পরিষদের কাছে এর আগে আবেদন করে। পরিচালনা পরিষদ দুর্নীতি ও অনিময় তদন্তের জন্য গত বছরের ১০ নভেম্বর কলেজের দর্শন বিভাগের শিক্ষক আবদুল কাদের মৃধাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটি তদন্ত শেষে ২৯ জানুয়ারি তদন্ত প্রতিবেদন পরিচলনা পরিষদের সদস্য ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের কাছে জমা দেয়। তদন্তে তাঁদের বিরুদ্ধে কয়েক লাখ টাকা দুর্নীতি ও অনিয়মের সত্যতা মেলে।কলেজছাত্র দীপক কুমার রায়, জাহিদুল হক, আতাউর রহমান, আমিরুল ইসলাম ও এমরুল হোসেন জানান, অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের সত্যতা পাওয়ায় ছাত্ররা ওই দুজনের কক্ষে তালা দিয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক আবদুল কাদের মৃধা জানান, তদন্তে তাঁরা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের দুর্নীতি-অনিয়মের সত্যতা পেয়েছেন। কলেজের অধ্যক্ষ এমদাদুল হক জানান, কিছু বহিরাগত ছাত্রের নেতৃত্বে তাঁদের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাঁদের কোনো দুর্নীতি ও অনিয়ম থাকলে কলেজ পরিচালনা পরিষদের সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা। কিন্তু একটি মহল বহিরাগত ছাত্রদের দিয়ে কলেজের লেখাপড়ার পরিবেশ নষ্ট করতে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করেছে।