সাতক্ষীরা-সিরাজগঞ্জে শিশু ও বৃদ্ধের লাশ
সাতক্ষীরার তালা উপজেলার বলরামপুর গ্রামের পাটখেত থেকে এক শিশুর এবং সিরাজগঞ্জের সদর উপজেলার ঠাকুরট্যাক এলাকা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে দুটি লাশ উদ্ধার করা হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর:
সাতক্ষীরা: বেলা ১১টার দিকে তালার বলরামপুর গ্রামের একটি পাটখেত থেকে জাহিদ মোড়ল নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। ষষ্ঠ শ্রেণীর ছাত্র ওই শিশুটি দুদিন ধরে নিখোঁজ ছিল। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সে তালা উপজেলার বলরামপুর গ্রামের কৃষি শ্রমিক শরীফুল মোড়লের ছেলে।
জাহিদের মা তসলিমা খাতুনের ভাষ্য, গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জাহিদ বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আজ সকাল নয়টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মনিরুউদ্দিন মোড়লের পাটখেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে মুঠোফোনে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার বলেন, লাশের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। হাত-পায়ের নখ তোলা। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে শরীরে কোনো দাহ্য পদার্থ ঢেলে দেওয়া হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শিশুকে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ঠাকুরট্যাক এলাকা থেকে আজ সকালে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধকে রাতের কোনো একসময় কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যাওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বৃদ্ধের কোনো পরিচয় মেলেনি। লাশ সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।