সাতক্ষীরা সীমান্ত থেকে বাংলাদেশির লাশ উদ্ধার
সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালা চরশ্রীপুর নামক স্থানে ইছামতী নদী থেকে গতকাল শনিবার পুলিশ এক বাংলাদেশি গরুর রাখালের লাশ উদ্ধার করেছে।নিহত রাখালের নাম নজরুল ইসলাম (২৮)। তাঁর বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর গ্রামে। তাঁর পরিবারের সদস্যরা জানান, নজরুল দীর্ঘদিন ধরে ভারত থেকে গরু পারাপারের সঙ্গে জড়িত ছিলেন। দুই দিন আগে নজরুলসহ ২০-২৫ জন রাখাল চোরাইপথে গরু আনতে ভারতে যান। অন্যরা ফিরে এলেও নজরুল ফেরেননি। গতকাল সকালে ইছামতী নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে দেবহাটা থানার পুলিশ নদী থেকে লাশটি উদ্ধারের পর নজরুলের পরিবারের সদস্যরা সেটি শনাক্ত করেন।বিজিবির সাতক্ষীরার দেবহাটা কোম্পানি কমান্ডার সুবেদার সুলতান হোসেন বলেন, এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। দেবহাটা থানার ওসি আবু দাউদ বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তির লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।