সাতক্ষীরা সীমান্ত মাদকের স্বর্গরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন ভারত থেকে প্রচুর পরিমাণে মাদক আসছে। ব্যবসায়ীরা এসব সীমান্ত এলাকাকে মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছেন। সীমান্তের নদী ও স্থলপথ ব্যবহার করে অন্তত ৩০টি স্থান দিয়ে মাদক পাচার করা হচ্ছে। পরে এসব মাদক ব্যবসায়ী সাতক্ষীরা থেকে সারা দেশে সরবরাহ করছেন।সাতক্ষীরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বাছির জানান, সাতক্ষীরার সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকায় পুরোপুরি চোরাচালান বন্ধ করা যাচ্ছে না। অন্যান্য পণ্যের সঙ্গে নানা কৌশলে সীমান্ত দিয়ে মাদক আসছে। চলতি বছরের ১৫ মে পর্যন্ত সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৬ হাজার বোতল ফেনসিডিল, ২৬ কেজি গাঁজা, ৪০ গ্রাম হেরোইন, এক হাজার ৩২৮ বোতল বিদেশি মদ, এক লাখ ১৫ হাজার ৪৯৭টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। বিজিবির একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার পাঁচটি উপজেলার সঙ্গে ভারতের ২৩৮ কিলোমিটার সীমান্তের ওপারে ফেনসিডিল তৈরির ২৭টি কারখানা গড়ে উঠেছে। প্রতিদিন এসব কারখানায় তৈরি কয়েক হাজার বোতল ফেনসিডিল ভারতীয় ব্যবসায়ীরা রাতে ও দিনের সুবিধাজনক সময় বাংলাদেশের মাদক পাচারকারীদের হাতে পৌঁছে দিচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে দুজন মাদক ব্যবসায়ী জানান, স্থল ও নদীপথের কমপক্ষে ৩০টি পয়েন্ট দিয়ে ভারত থেকে মাদক বাংলাদেশে ঢুকছে। পাচার হয়ে আসা মাদক প্রথমে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে রাখা হয়। স্থানগুলো হচ্ছে—কালীগঞ্জ উপজেলার নলতা; দেবহাটা উপজেলার কুলিয়া, বহেরা; সদর উপজেলার শাখরাবাজার, ভোমরা, আলীপুর, বাঁকাল, লাবসা, আবাদের হাট, নেবাখালী, পরানদাহ, বৈকারিবাজার, মাধবকাঠি বাজার, ঝাউডাঙ্গা, ওয়ারিয়া, হাজীপুর ও পাথরঘাটা এবং কলারোয়া উপজেলার ভাদিয়ালি, কাকডাঙ্গা, মাদরা, ঝিকরা, লাঙ্গলঝাড়া বাজার ও তুলসিডাঙ্গা।ব্যবসায়ীরা এসব মাদকদ্রব্য নানা কৌশলে ফলের ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, পাজেরো, অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। সাধারণত কাঠের আসবাব, ড্রাম, মাছের কার্টন, ট্রাকের নিচের অংশ ও গাছের চারার গোড়ায় বেঁধে মাদকদ্রব্য সরবরাহ করা হয়। ওই দুই ব্যবসায়ী আরও জানান, সীমান্ত এলাকায় মাদক পাচারের জন্য নারী ও শিশুদের ব্যবহার করা হয়। দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের মাজেদা খাতুন ও একই উপজেলার বসন্তপুর গ্রামের হেমেলা বেগম জানান, তাঁদের তালাক দিয়ে স্বামীরা অন্যত্র বিয়ে করেছেন। বাবার বাড়িতে এসে সংসারের খরচ চালাতে তাঁরা ফেনসিডিলের বোতল বহনের কাজে জড়িয়ে পড়েছেন। প্রতি বোতলে তাঁদের ২০-৩০ টাকা দেওয়া হয়। সদর উপজেলার ওয়ারিয়া গ্রামের হোসেন আলী জানান, তাঁরা সীমান্ত এলাকার নির্দিষ্ট স্থান থেকে এক বোতল ফেনসিডিল কেনেন ২০০ টাকায়। এই ফেনসিডিল খুলনায় নিয়ে গেলে প্রতি বোতল ৩০০ এবং বরিশাল ও ঢাকায় নিয়ে গেলে ৪০০-৫০০ টাকায় বেচা যায়। তাঁরা প্রতিবারে ৩০-৪০ বোতল ফেনসিডিল বহন করেন। সাতক্ষীরা থেকে দেশের বিভিন্ন স্থানে পাঠাতে হলেও বিভিন্ন স্থানে টাকা দিতে হয়। তাঁরা ছোট ছোট চালান পাচারের জন্য নারীদের ব্যবহার করেন। ধরা পড়লে ওই নারীদের পরিবারের ব্যয়ভার ও মামলা চালানোর দায়িত্ব তাঁরা বহন করেন। ভারত থেকে প্রতিবার ৫০০ থেকে ১০ হাজার বোতল ফেনসিডিল একসঙ্গে আসে। প্রতি সপ্তাহে দুবার এ ধরনের চালান আসে।সাতক্ষীরার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, তিনি ইতিমধ্যে মাদকবিক্রেতা ও মাদক বিক্রির স্থানগুলোর তালিকা তৈরির কাজ শুরু করেছেন। ১২ মে থেকে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।