সাতক্ষীরা সীমান্তে তিন হাজার গরু আটক
সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাঁখরা ও হাড়দ্দহ সীমান্ত দিয়ে ভারত থেকে নিয়ে আসার সময় তিন হাজার ৮৬টি গরু আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। এ ছাড়া পার করার সময় ইছামতী নদীর চরে কাদায় আটকে মারা গেছে দেড় শতাধিক গরু। গরু আটকের পর গতকাল সকাল ও দুপুরে সীমান্তে বিডিআর ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে দুই দফা পতাকা বৈঠক হয়।সরেজমিনে গতকাল সকালে পদ্মশাঁখরা বিডিআর ক্যাম্পে গিয়ে দেখা যায়, ক্যাম্পসংলগ্ন কয়েকটি বাড়ি, ভোমরা-হাড়দ্দহ সড়কের দুই পাশ ও হাড়দ্দহ গ্রামে কয়েক হাজার গরু বাঁধা আছে।হাড়দ্দহ গ্রামের কলেজছাত্র শওকত হোসেন ও মুজাহিদুল ইসলাম এবং পদ্মশাঁখরা গ্রামের আবু জাফরসহ গ্রামবাসী জানান, বুধবার রাত তিনটা থেকে ভোর ছয়টা পর্যন্ত তিন ঘণ্টা ধরে প্রায় পাঁচ হাজার গরু ইছামতী নদী পার করে নিয়ে আসা হয়। এর মধ্যে তিন হাজারের মতো গরু আটক করে বিডিআর।গ্রামবাসী আরও জানান, পার করে নিয়ে আসার সময় সীমান্তনদী ইছামতীর চরে কাদায় আটকে মারা যায় দেড় শতাধিক গরু। এর মধ্যে নদীর বাংলাদেশ পারের চরে ১২৮টি গরুর চামড়া ছাড়িয়ে নিয়ে দেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়।তিন হাজারেরও বেশি গরু আটকের বিষয়টি নিশ্চিত করে পদ্মশাঁখরা বিডিআর ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, গরু ফিরিয়ে নেওয়ার জন্য গতকাল সকালে বিডিআরকে চিঠি দেয় বিএসএফ। এর পরিপ্রেক্ষিতে সাতক্ষীরার ভোমরা সীমান্তের জিরো পয়েন্টে সকাল সাড়ে সাতটা এবং দুপুর দুইটার দিকে দুই দফা বিডিআর ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ গরু ফেরত চাইলেও বিডিআরের পক্ষ থেকে বলা হয়, গরু ফেরত না দিয়ে এ বিষয়ে বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।পতাকা বৈঠকে বিডিআরের পক্ষে ভোমরা বিডিআর ক্যাম্পের সুবেদার মুনসুর হেলাল এবং বিএসএফের পক্ষে ভারতের ঘোজাডাঙা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার নেতৃত্ব দেন।সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনায়েত করিম জানান, আটক করা গরুর মূল্য প্রায় ১০ কোটি টাকা। তিনি বলেন, সম্ভবত একসঙ্গে এত গরু আটকের ঘটনা এটাই প্রথম।