সাতক্ষীরা সীমান্তে নারী শিশুসহ আটক ১৪
অবৈধ পথে ভারতে যাওয়া ও ভারত থেকে ফেরার সময় বিজিবি সদস্যরা তিন শিশুসহ ১৪ জন নারী ও পুরুষকে আটক করেছেন। গতকাল মঙ্গলবার সকালে ও সোমবার রাতে সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরার ৪১ ব্যাটালিয়নের সুবেদার শামীম রেজা জানান, গতকাল সকাল আটটার দিকে দুই শিশুসহ নয়জন নারী ও পুরুষের একটি দল বৈকারী সীমান্ত পথে ভারতে যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়। আগের দিন সোমবার রাত ১০টার দিকে একই স্থান দিয়ে ভারতে যাওয়ার সময় দুজন ও ভারত থেকে ফেরার সময় এক শিশুসহ তিনজনকে আটক করা হয়।গ্রেপ্তার হওয়া রহিম মোড়ল জানান, পাসপোর্ট করা সময়সাপেক্ষ হওয়ায় তিনি স্ত্রী, মাকে সঙ্গে নিয়ে ব্লাড ক্যানসারে আক্রান্ত তাঁর মেয়ে সোনিয়া খাতুনের চিকিৎসা করাতে ভারতে যাচ্ছিলেন।সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মনোয়ারা খাতুন জানান, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে দুটি মামলা করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে গতকাল সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।