সাতক্ষীরা সীমান্তে পাচারকারী সন্দেহে তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সীমান্তের ঘানা এলাকা দিয়ে এক নারীকে গতকাল বুধবার ভারতে পাচারকালে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ হূদয় আহমেদ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপালপুর গ্রামের গফুর আহমেদের ছেলে।

 সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমানুল্লাহ জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বাসিন্দা পোশাকশ্রমিক এক নারী (২২) গত সোমবার স্বামীর সঙ্গে ঝগড়া করে সাভার সঞ্চৃতিসৌধ এলাকায় চলে যান। সেখানে তাঁর সঙ্গে হূদয় আহমেদের পরিচয় হয়। আলাপচারিতা ও ঘনিষ্ঠতার একপর্যায়ে হূদয় তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে গতকাল সকালে সাতক্ষীরার বাঁকাল এলাকার নারী পাচারকারী দলের এক দালালের বাড়িতে ওঠেন। ভারতে পাচারের জন্য দুপুরে তাঁকে ঘোনা এলাকায় নিয়ে গেলে স্থানীয় লোকজন সন্দেহবশত তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হালিম বাদী হয়ে একটি মামলা করেছেন।

ওই নারী জানান, হূদয় তাঁকে বিয়ে করার কথা বলে সাতক্ষীরা নিয়ে আসেন। কিন্তু মোটরসাইকেলে করে সীমান্তে নেওয়ার বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করলে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করে।

হূদয় আহমেদ দাবি করেন, ওই নারীকে নিয়ে তিনি সাতক্ষীরায় একটি পোশাক কারখানা দেখতে এসেছিলেন।