সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর সীমান্তে গতকাল বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছে। আহত শামিম হোসেন (২২) সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদ গ্রামের আবদুল গফফারের ছেলে।সীমান্তে বসবাসরত গ্রামবাসীর ভাষ্যমতে, গতকাল ভোরে কয়েকজন বাংলাদেশি ভারত থেকে গরু নিয়ে গাজীপুর সীমান্তে আসছিলেন। এ সময় ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার পাকিরডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। এতে শামিম হোসেন আহত হন। সঙ্গীরা গুলিবিদ্ধ শামিমকে উদ্ধার করে বাংলাদেশে চলে আসেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনাসহ সীমান্তের কয়েকটি বিষয় নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফ। দুপুর ১২টার দিকে ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় ওই বৈঠক হয়। বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছয় সদস্য দলের নেতৃত্ব দেন ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম।বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সুবেদার নজরুল বলেন, ‘বৈঠকে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় চোরাকারবারিরা বাংলাদেশে অবৈধ পথে গরু ও ফেনসিডিল পাচার করছে। কিন্তু বিএসএফ কোনো ব্যবস্থা নিচ্ছে না। কোনো বাংলাদেশি সীমান্ত এলাকায় গেলে তাদের ওপর গুলি ছোড়া হচ্ছে। বৈঠকে আমরা এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি। তবে বিএসএফ বরাবরের মতো বাংলাদেশি কারও ওপর গুলি চালানোর কথা অস্বীকার করেছে।’