সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরার সদর উপজেলার গাজীপুর সীমান্তের বিপরীতে ভারতের কলাপোতা এলাকায় এ ঘটনা ঘটে।ভারত থেকে অক্ষত অবস্থায় ফিরে আসা বাংলাদেশিদের দাবি, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন। এর মধ্যে তাঁরা জেলার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের মুনছুর গাজীর ছেলে রেকাতুল ইসলামের (১৫) লাশ দেশে নিয়ে আসতে পারেন। অজ্ঞাত পরিচয়ের অন্য জনের লাশ আনতে পারেননি।নাম প্রকাশে অনিচ্ছুক বসন্তপুর ও কৈখালী গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, তাঁরা সীমান্তে অবৈধভাবে গরু পারাপারের কাজ করেন। গত রোববার সন্ধ্যায় গাজীপুর সীমান্ত দিয়ে তাঁরা ২৮ জন ভারত থেকে গরু আনতে যান। গরু নিয়ে আসার সময় গতকাল ভোর সাড়ে চারটার দিকে জিরো পয়েন্ট থেকে ভারতের ২০০ গজ ভেতরে বসিরহাট মহকুমার কলাপোতা গ্রামে হেলাতলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে কয়েকটি গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই রেকাতুলসহ দুজনের মৃত্যু হয়। আহত হন কালীগঞ্জের মাঘুরালি গ্রামের শাহাদাত হোসেন (২৪) এবং শ্যামনগর উপজেলার জাবাখালী গ্রামের আজিজুল ইসলাম (৪২)।সূত্র আরও জানায়, নিহত অপর বাংলাদেশির লাশ গতকাল সকাল ১০টার দিকে ভারতের বসিরহাট সদর থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বদরতলা হাসপাতালে নিয়ে যায়।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফরিদউদ্দিন বিএসএফের গুলিতে উপজেলার রেকাতুলের নিহত এবং শাহাদাতের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেকাতুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত শাহাদাতকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এনায়েত করিম বলেন, ‘সীমান্তে একজনের লাশ পাওয়া গেছে বলে শুনেছি।’ বিএসএফ গতকাল ভোরে সাতক্ষীরা সীমান্তে গুলি বর্ষণের কথা অস্বীকার করেছে।