সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গতকাল রোববার বাংলাদেশি এক রাখাল নিহত হয়েছেন। ভোর চারটার দিকে সাতক্ষীরার সদর উপজেলার বৈকারি সীমান্তের বিপরীতে ভারতের বশিরহাট মহকুমার গোবরদা এলাকায় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।নিহত রাখাল আতাউর রহমানের (৩০) বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া গ্রামে।বৈকারি সীমান্তবাসীর ভাষ্যমতে, গত শনিবার রাতে ২০-২৫ জন বাংলাদেশি গরু আনতে ভারতে যান। গরু নিয়ে তাঁরা গতকাল ভোরে ভারতের গোবরদা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ফিরছিলেন। গোবরদা গ্রামের মাঠে পৌঁছালে গোবরদা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই আতাউর নিহত হন।সূত্র জানায়, আতাউরের পেটে গুলি বিদ্ধ হয়। বেলা ১১টা পর্যন্ত ঘটনাস্থলে তাঁর লাশ পড়ে ছিল। লাশ দেখতে ভিড় করে ভারতীয় লোকজন। পরে বশিরহাট থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বশিরহাট মহকুমার হাসপাতালে পাঠায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বাছির বলেন, হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিজিবির বৈকারি ক্যাম্প থেকে বিএসএফের তারালি ক্যাম্পে চিঠি পাঠানো হয়েছে।