সাতক্ষীরা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার পদ্মশাকরার বিপরীতে ভারতের পানিতর এলাকার সীমান্তের শূন্যরেখায় গতকাল শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠক করেছে। এতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। গতকাল বেলা দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত চলা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন যশোর অঞ্চলের বিজিবির পরিচালক লে. কর্নেল হাসান আহমেদ। বিএসএফের নেতৃত্ব দেন ৪৭ ব্যাটালিয়ন কমান্ডার জে এস সাধু। এর আগে বিএসএফের কর্মকর্তারা ভোমরা বন্দর এলাকার শূন্যরেখায় এসে বিজিবির কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান।বৈঠক শেষে সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আনোয়ারুল মাজহার প্রথম আলোকে জানান, কিছুদিন আগে পদ্মশাকরা সীমান্তের বিপরীতে গোয়ালপাড়া এলাকায় সীমান্তের শূন্যরেখা থেকে মাত্র ১৫০ গজের মধ্যে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্দেশ্যে মাটির রাস্তা তৈরির চেষ্টা চালায়। বিজিবির প্রতিবাদের মুখে তা বন্ধ রাখা হয়। বৈঠকে ওই স্থানে আবার কাজ শুরুর অনুমতি চায় বিএসএফ। কিন্তু বিজিবির পক্ষ থেকে তাদের জানিয়ে দেওয়া হয়, শীর্ষ পর্যায়ের আলোচনা ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। বৈঠকে এ ছাড়া বিজিবির পক্ষে একটি সীমান্ত নিরাপত্তাচৌকি নির্মাণ, নারী-শিশু পাচার, চোরাচালানসহ সীমান্ত অপরাধ দমনে পারস্পরিক সহয়তার বিষয়ে আলোচনা হয়।