সাতক্ষীরা সীমান্তে বিজিবির আপত্তির মুখে বিএসএফের মাটি কাটা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার চারাবাড়ি সীমান্তের সোনাই নদ থেকে বিজিবির আপত্তির মুখে বিএসএফ মাটি কাটা বন্ধ করে দিয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর সোনাই নদের তীরে সীমান্তের শূন্য রেখায় বিজিবির আহ্বানে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার ৩৮ বিজিবির তলুইগাছা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আহম্মদ আলী বলেন, আইন লঙ্ঘন করে সীমান্তের সোনাই নদ থেকে বিএসএফ মাটি কাটছিল। গতকাল সকালে বিজিবির সদস্যরা ওই মাটি কাটার ব্যাপারে আপত্তি করেন। আপত্তি সত্ত্বেও বিএসএফের সদস্যরা মাটি কাটার চেষ্টা করেন। এরপর বিজিবি জোর প্রতিবাদ জানালে বিএসএফ মাটি কাটা বন্ধ করে দেয়। পরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকে বসে।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির তলুইগাছা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আহম্মদ আলী। বিএসএফের নেতৃত্ব দেন তারালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মনোজ সেন। বৈঠকে বিএসএফ সোনাই নদ থেকে আর মাটি কাটবে না বলে বিজিবিকে আশ্বস্ত করেছে।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফ সোনাই নদ থেকে মাটি কাটবে না বলে বিজিবিকে জানিয়েছে।