সাতক্ষীরাকে মৃত্যু-উপত্যকায় পরিণত করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান

যৌথ বাহিনীর অভিযানের নামে সাতক্ষীরাকে মৃত্যু-উপত্যকায় পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
নজরুল ইসলাম বলেন, যৌথ বাহিনীর অভিযানে সাতক্ষীরা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মনে হয় সেখানে ভূমিকম্প হয়েছে।
‘নির্বাচনের নামে দেশে নাটক চলছে’ মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। গণমাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থীরা নির্বাচনে যে হলফনামা দিয়েছেন, তা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলতে সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সরকারের এমন আবদার নির্বাচন কমিশন পূরণ করে কি না, তাঁরা তা দেখার অপেক্ষায় থাকবেন।
নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সংবিধান রক্ষার নামে জনগণের ওপর যে নিপীড়ন চলছে, তা সর্বকালের সব রেকর্ড অতিক্রম করে যাচ্ছে। জনগণের ওপর যে গুলি চালানো হচ্ছে, তা সংবিধান রক্ষা নয় বরং ক্ষমতায় থাকার অপচেষ্টা।
মঙ্গলবার মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে সরকার অনুমতি না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ সরকার সব দল-মত দমনের সরকার। স্বাধীন দেশের মানুষের কথা বলার অধিকার তারা কেড়ে নিয়েছে। তাদের আর যা-ই বলা হোক না কেন, গণতান্ত্রিক সরকার বলা যায় না।

বিএনপির এই নেতা দাবি করেন, অবরোধের তৃতীয় দিনে সারা দেশে বিরোধী জোটের একজন নিহত, ৩৭৫ জন নেতা-কর্মী গ্রেপ্তার এবং ৫২৭ জন আহত হয়েছেন। এ ছাড়া তিনজন নেতা-কর্মী গুম হয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।