সাতক্ষীরায় অবরোধ-আগুন, ককটেল
সাতক্ষীরায় আজ সোমবার টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, গাড়িতে আগুন দেওয়া এবং ভাঙচুর করেছে হরতাল-সমর্থকেরা। শহর ও শহরতলির বিভিন্ন স্থানে ৫০টির বেশি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। আওয়ামী লীগের একটি অফিস ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ ছাড়া পিকেটারদের ধাওয়ায় একটি বিয়ের গাড়ি খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন।
দলের সাবেক আমির গোলাম আযমের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার প্রতিবাদে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোর পাঁচটা থেকে ছয়ঘরিয়া, অন্নের মোড়, মাধবকাটি ও তুজুলপুর এলাকায় সাতক্ষীরা-যশোর মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় পর পর ১৫টি ককটেল বিস্ফোরিত হয়। হরতালকারীরা একটি মালবাহী ট্রাকে আগুন দেয় এবং একটি গাড়ি ভাঙচুর করে।
পরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
একই সময়ে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের বাঙ্গালের মোড় এবং সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে হরতালকারীরা। তারা ওই দুই স্থানে ৩৫-৪০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
সকাল সাতটার দিকে দেবহাটা উপজেলার গাজীরহাট আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে পুড়িয়ে দেয় হরতাল-সমর্থকেরা। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের সখিপুর থেকে হাদিপুর পর্যন্ত সাত কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, সকাল ছয়টার দিকে একটি বিয়ের গাড়ি খুলনা থেকে সাতক্ষীরার দিকে আসছিল। এ সময় সাতক্ষীরা শহরতলির বিনেরপোতা এলাকায় পিকেটাররা গাড়িটি ধাওয়া করে। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ১০ জন বরযাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হরতালে জেলার সব কটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও পণ্যবাহী কোনো ট্রাক বন্দর ছেড়ে যায়নি। নাশকতা এড়াতে শহরে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজাহান খান জানান, কয়েকটি স্থান থেকে জামায়াত-শিবিরের সড়ক অবরোধ তুলে দেওয়া হয়েছে। অন্য স্থানগুলো থেকেও অবরোধ তুলে দেওয়ার চেষ্টা চলছে।