সাতক্ষীরায় আজ, কাল রংপুর বিভাগের আট জেলায় হরতাল
রংপুর বিভাগের আট জেলায় কাল সোমবার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল ডেকেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গতকাল শনিবার এই হরতাল ডাকে তারা। এদিকে দলীয় নেতাদের মুক্তির দাবিতে সাতক্ষীরা জেলা জামায়াত আজ রোববার জেলায় ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল ডেকেছে। রংপুরের একটি স্থানীয় হোটেলে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সমেঞ্চলন করে বিভাগের আট জেলায় হরতাল ডাকা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহফুজ-উন নবী। এ সময় অন্যান্যের মধ্যে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রইস আহমেদসহ রংপুর বিভাগের আট জেলার ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির মইনুল হক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সাংসদ গাজী নজরুল ইসলামসহ জেলায় আটক নেতাদের মুক্তির দাবিতে জেলায় আজ হরতাল ডেকেছে দলটি। গতকাল দলটি হরতালের ডাক দেয়।
জেলা জামায়াতের আমির আবদুল খালেক অভিযোগ করেন, কোনো মামলা বা অভিযোগ ছাড়াই গত বৃহস্পতিবার কলারোয়া উপজেলা সদরের নিজ বাড়ি থেকে জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মইনুল হককে গ্রেপ্তার করা হয়। তবে জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, মইনুলের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।