সাতক্ষীরায় ককটেল বিস্ফোরণ, আটক ৮

সাতক্ষীরায় ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও আটকের মধ্য দিয়ে আজ বুধবার জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দিনের হরতাল চলছে।হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে আটজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে শহরের অদূরে কদমতলা মোড় এলাকায় টায়ার জ্বেলে, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে হরতাল-সমর্থকেরা। ওই এলাকায় আটটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায় তারা। নয়টার দিকে পুলিশ অবরোধ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে জামায়াত-শিবিরের কর্মীরা বাধা দেন। পরে তাঁরা ওই এলাকা থেকে সরে যান।
শহরের বাঁকাল এলাকায় সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে ইট ফেলে ও টায়ার জ্বেলে সড়ক অবরোধ করে হরতাল-সমর্থকেরা। শহরের নারকেলতলা এলাকায় হরতাল-সমর্থকেরা সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
দেবহাটা উপজেলার পানিরকল এলাকায় সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে ভোররাতে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে পিকেটাররা। সকাল আটটার দিকে তা সরিয়ে দেয় পুলিশ। এ ছাড়া শহরের বিভিন্ন প্রবেশদ্বারে ও উপজেলাগুলোতে পিকেটিং করেছে হরতাল-সমর্থকেরা।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী প্রথম আলো ডটকমকে জানান, হরতালে পিকেটিং ও নাশকতা সৃষ্টির অভিযোগে সাতক্ষীরা শহরের আমতলা এলাকা থেকে ইমান উল্লাহ মোল্যা (১৮), খায়রুল বাশার (২০), মাগুরা গ্রামের আবু রায়হান (১৮), তালা উপজেলার জাতপুর এলাকা থেকে রহিমাবাদ গ্রামের মো. আসাদুজ্জামান (২০), একই গ্রামের আল আমিন গাজী (১৭), বারুইআটি গ্রামের আবুল কালাম আজাদ (২২), কালীগঞ্জ উপজেলা থেকে কাজলা গ্রামের মো. শাহিনুর রহমান (২৫) ও মো. আলমগীর হোসেনকে (২২) আটক করা হয়েছে।
নাশকতা এড়াতে শহরে পুলিশ ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। শহরের বেশির ভাগ দোকানপাট বন্ধ রয়েছে। সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে পণ্যবাহী কোনো ট্রাক বন্দর ছেড়ে যায়নি।