সাতক্ষীরায় কৃষক খুন, পিরোজপুর ও ফরিদপুরে তিনটি লাশ উদ্ধার
সাতক্ষীরায় গত শনিবার গভীর রাতে এক কৃষক খুন হয়েছেন। পিরোজপুর ও ফরিদপুরের ভাঙ্গায় এক স্কুলছাত্রসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: সাতক্ষীরায় দুর্বৃত্তদের হাতে এক কৃষক খুন হয়েছেন। শনিবার গভীর রাতে তাঁকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম আবদুল খালেক (৪০)। তিনি সাতক্ষীরা শহরতলির বকচরা গ্রামের খোশনাল সরদারের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে আবদুল খালেক বকচরা পশ্চিমপাড়া মাঠে শ্যালোযন্ত্রের ঘরে ঘুমাতে যান। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে গ্রামের এক ব্যক্তি ওই ঘরে খালেকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পিরোজপুর: পিরোজপুর শহরে জেলা প্রশাসকের বাসভবনের পেছনে রায় পুকুর থেকে পুলিশ গতকাল সকালে সাদনাম সাকিব নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে। সে পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিল।
সদর থানার উপপরিদর্শক মনির জানান, দুর্বৃত্তরা সাদনামকে হত্যা করে হাত-পা ও মুখ বেঁধে তার শরীরে কাঠ ও ইট বেঁধে পানিতে ডুবিয়ে দেয়।
সাদনামের বাবা জাকির হোসেন জানান, গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে সাদনাম আদর্শপাড়ার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম থেকে শনিবার সকালে গলায় রশি বাঁধা ও ঝুলন্ত অবস্থায় আনোয়ার মাতব্বর (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আনোয়ার মালিগ্রামের সামসুদ্দিন মাতব্বরের ছেলে। গত শুক্রবার দিবাগত রাতে আনোয়ার তাঁর বসতঘরে ঘুমিয়ে ছিলেন। শনিবার সকালে তিনি ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে আড়ার সঙ্গে তাঁর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এদিকে ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রামে গতকাল তাঞ্জু আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, শনিবার দিবাগত রাতে মালিগ্রামের শওকত ব্যাপারীর মেয়ে তাঞ্জু আক্তার ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে ওই বাড়ির চিলেকোঠায় রডের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।