সাতক্ষীরায় গাছের গুঁড়ি ও খুঁটি ফেলে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরে আজ ভোর থেকে বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি, বিদ্যুতের খুঁটি ও ইটের টুকরো ফেলে চলছে অবরোধ। শহরের সঙ্গে অন্যান্য উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে হরতাল-সমর্থকেরা। শহর ও শহরতলির বিভিন্ন স্থানে শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জামায়াত-শিবিরের কর্মীরা সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া ও অন্নের মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে ও ইট বিছিয়ে জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান।

শহরের অদূরে বাঁকাল এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও গাছ ফেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় হরতালকারীরা। তারা সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুরসহ শহরের বিভিন্ন প্রবেশমুখে টায়া জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে সড়ক যোগাযোগে বাধার সৃষ্টি করে। হরতাল-সমর্থকেরা এসব স্থানে ৫০টির বেশি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। সকাল নয়টার দিকে শহরের নারকেলতলা মোড়ে জামায়াত-শিবিরের সমর্থকেরা বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

সাতক্ষীরা জেলার সব কটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও পণ্যবাহী কোনো ট্রাক বন্দর ছেড়ে যায়নি। নাশকতা এড়াতে শহরে বিপুলসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন রয়েছেন।