সাতক্ষীরায় চোরাচালানিদের হামলায় বিজিবির সদস্য আহত
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা গ্রামে চোরাচালানকারীদের সঙ্গে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সংঘর্ষ হয়েছে।এতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার আমীর আলী আহত হয়েছেন।একই সঙ্গে বিজিবির ছোড়া গুলিতে দুজন আহত হয়েছে।আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।
কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম, ইসমাইল হোসেন ও সোহাগ হোসেন জানান, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার কেঁড়াগাছি সীমান্ত এলাকা দিয়ে ৪০-৫০ জন চোরাকারবারি ফলসহ বিভিন্ন পণ্য নিয়ে সীমান্ত পার হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। ভোর চারটার দিকে তারা সীমান্তবর্তী কাকডাঙ্গা গ্রামে পৌঁছলে স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের থামতে বলেন। এ সময় চোরাকারবারিরা এক হয়ে বিজিবির সদস্যদের ওপর প্রথমে ইট-পাটকেল ছোড়ে। পরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। বিজিবিও সাতটি ফাঁকা গুলি ছোড়। একপর্যায়ে একটি ঘরের বারান্দায় ঘুমিয়ে থাকা ছেলে হাবিবুর রহমান (৭) ও বাবা হোসেন আলী (৪৯) গুলিবিদ্ধ হন। তাঁরা স্থানীয় গ্রাম্য চিকিত্সক মফিজুল ইসলামের কাছে চিকিত্সা নেন।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আনোয়ারুল মাজহার জানান, চোরাচালানের পণ্য আটকের সময় কলারোয়া উপজেলার বাকশা গ্রামের ময়েন হোসেন ও তাঁর ছেলে তুহিন হোসেনের নেতৃত্বে চোরাকারবারিরা বিজিবির সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আমীর আলী আহত হয়েছেন। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিত্সা দেওয়ার পর সাতক্ষীরা বিজিবির প্রধান কার্যালয়ে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে ১১৩ বোতল ফেনসিডিল ও একটি নছিমনভর্তি ফল আটক করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কেঁড়াগাছি গ্রামের জাহিদুল ইসলামকে আটক করা হয়েছে। গুলিতে কেউ আহত হয়েছে বলে তাদেরকে কেউ জানায়নি।
সাতক্ষীরার কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ দারা খান জানান, তিনি এ ঘটনার কথা শুনেছেন। বিজিবির পক্ষ থেকে বেলা ১১টা পর্যন্ত কোনো এজাহার বা অভিযোগ করা হয়নি।