সাতক্ষীরায় জামায়াত-শিবিরের দুই কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পাউখালীতে আজ মঙ্গলবার সকালে হরতাল চলাকালে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে জামায়াত-শিবিরের দুই কর্মী নিহত হয়েছেন।পুলিশের নয়জন সদস্যসহ আহত হয়েছেন অন্তত ১২ জন।

নিহত দুজন হলেন জামায়াতের কর্মী রুহুল আমিন গাজী ও শিবিরকর্মী আরিফুজ্জামান। সংঘর্ষে একজন নিহত হওয়ার কথা জানতে পেরেছে বলে দাবি করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোর সাড়ে ছয়টার দিকে পাউখালীতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সাতক্ষীরার কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাজুল ইসলাম জানান, পাউখালীতে জামায়াত-শিবিরের কর্মীরা ভোর থেকেই গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। অবরোধ তুলতে গেলে সড়কের পাশে লুকিয়ে থাকা জামায়াত-শিবিরের তিন থেকে চার শতাধিক সশস্ত্র নেতা-কর্মী অতর্কিতে পুলিশের ওপর হামলা চালান।

এএসপি তাজুল ইসলাম দাবি করেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে পুলিশের নয়জন সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পুলিশও ১২৫টি গুলি ছোড়ে।

কালীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল ওহাব দাবি করেন, পুলিশের গুলিতে জামায়াতকর্মী রুহুল আমিন গাজী ও শিবিরকর্মী আরিফুজ্জামান ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।