সাতক্ষীরায় জামায়াতের সড়ক অবরোধ

সাতক্ষীরায় আজ মঙ্গলবার হরতালের প্রথম দিন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন।নাশকতা সৃষ্টির চেষ্টাকালে জামায়াত-শিবিরের তিনজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
হরতালকারীরা সাতক্ষীরা-যশোর মহাসড়কের কদমতলা ও ছয়ঘরিয়া, আশাশুনি-সাতক্ষীরা সড়কের রামচন্দ্রপুর, সাতক্ষীরা-খুলনা সড়কের বেনেরপোতা ও সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের বাঁকাল এলাকায় সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে পিকিটিং করে।এ ছাড়া সকাল সাতটার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের বেনেরপোতায় গাছের গুঁড়ি সরিয়ে দিতে গেলে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
পুলিশ জানায়, হরতালের নামে নাশকতা সৃষ্টির চেষ্টাকালে পুলিশ আজ সকাল সাড়ে ছয়টার দিকে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন ও শিবিরকর্মী মহিদুল ইসলামকে উপজেলার বুধহাটা থেকে আটক করে।এ ছাড়া কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের জামায়াতকর্মী আরশাদ আলীকে কলারোয়া সদর থেকে আটক করা হয়।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জামায়াত-শিবিরের তিনজন নেতা-কর্মীকে আটকের কথা নিশ্চিত করেছেন।
হরতালে সাতক্ষীরা শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।দূরপাল্লার কোনো পরিবহন সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি।ভোমরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি হলেও কোনো পণ্যবাহী পরিবহন বন্দর এলাকা থেকে ছেড়ে যায়নি।
নাশকতা এড়াতে সাতক্ষীরা শহরসহ জেলার কয়েকটি এলাকায় অতিরিক্তি বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।