সাতক্ষীরায় জামায়াতের হরতালে ভাংচুর, পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার হওয়া দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সাতক্ষীরায় গতকাল রোববার পুলিশের মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুরের মধ্য দিয়ে জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। আজ সোমবার রংপুর বিভাগে হরতাল ডেকেছে বিএনপি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের বাঁকাল এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা ইটাগাছা পুলিশ ফাঁড়ির একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেন। এ সময় পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সকাল সাড়ে নয়টার দিকে হরতাল-সমর্থকেরা সাতক্ষীরা-যশোর সড়কের মাধবকাঠি এলাকায় দুটি ট্রাক ভাঙচুর করে। নয়টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের দেবহাটার গাজীরহাটে দুটি ইজিবাইক ভাঙচুর করে তারা। একই সড়কের সখীপুরে একাধিক স্থানে মাটির ঢিবি তৈরি করে এবং সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতায় গাছ ও ইটের টুকরো ফেলে সড়ক অবরোধ করেন নেতা-কর্মীরা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমানুল্লাহ মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া ও গাড়ি ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেছেন। 

হরতাল চলাকালে সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যান ছেড়ে যায়নি। তবে ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি ছিল স্বাভাবিক।