সাতক্ষীরায় জামায়াতের হামলায় পুলিশের দুই সদস্য আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোড়া গ্রামে গত রোববার সন্ধ্যায় পুলিশের ওপর হামলা চালিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এতে একজন উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন। আসামি ধরতে গিয়ে তাঁরা এ হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা সাতটার দিকে দেবহাটা থানার এসআই জুলফিকার আলীর নেতৃত্বে তিনজন পুলিশ কনস্টেবল দুটি মোটরসাইকেলে করে একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি আবদুল্লাহ সরদারকে (৩০) ধরতে তাঁর বাড়ি উপজেলার কোড়া গ্রামে যান। পুলিশ সদস্যরা ওই আসামির বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে গ্রামের মসজিদ থেকে মাইকে বিভ্রান্তিকর ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি ককটেলও ফাটানো হয়। অবস্থা বেগতিক দেখে পালানোর সময় পুলিশ সদস্যদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান জামায়াত-শিবিরের কর্মীসহ গ্রামের কয়েক শ নারী-পুরুষ।