সাতক্ষীরায় জাল নোট ও যন্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪
সাতক্ষীরায় পাঁচ লাখ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির যন্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির সদস্যরা শহরের মাগুরা এলাকা থেকে গত শনিবার এগুলো জব্দ করেন। জাল টাকা ও যন্ত্র রাখার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরা শহরের মাগুরা দক্ষিণ পাড়ার আবু মুসা (৬০), শ্যামনগর উপজেলার পাখিমারা গ্রামের রাসেল সরদার (৩২), একই গ্রামের ফারুক হোসেন (৩৫) ও খুলনার কয়রা উপজেলার আমাদী গ্রামের সাদ্দাম হোসেন (৪২)।
ডিবির সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নানের ভাষ্যমতে, আবু মুসা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও ব্যবসার সঙ্গে জড়িত। শনিবার রাতে তাঁর সহযোগী রাসেল শহরের মিল বাজার এলাকায় এক ব্যক্তিকে ৩০ হাজার টাকার বিনিময়ে জাল এক লাখ টাকা দিতে যান। টাকা হস্তান্তরের সময় ডিবি পুলিশ তাঁকে ও পরে আবু মুসাকে গ্রেপ্তার করে। আবু মুসার স্বীকারোক্তি অনুযায়ী সাতক্ষীরা শহরের কোর্ট এলাকার একটি বাসা থেকে জাল নোট তৈরির একটি যন্ত্র ও বাকি চার লাখ দুই হাজার টাকা উদ্ধার করা হয়। একই সময় তাঁর অপর দুই সহযোগী ফারুক ও সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া জাল টাকার মধ্যে এক হাজার টাকার নোট ১৯৫টি, ৫০০ টাকার নোট ৪৫৬টি ও ১০০ টাকার নোট ৭৯০টি।