সাতক্ষীরায় ডাকাতি রোধে রাত জেগে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরে কাটিয়া এলাকায় দেড় মাস ধরে একের পর এক ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ডাকাত প্রতিরোধে এলাকাবাসী টর্চলাইট আর লাঠি নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন।
শহরের কাটিয়ার মোবাচ্ছেরুল হক ও সঞ্জয় সরকারসহ কয়েকজন জানান, গত ডিসেম্বর ও জানুয়ারির প্রথম সপ্তাহে সরকারপাড়ার শিক্ষক দীপক রায়, আমতলা এলাকার মিজানুর রহমান, কাছারিপাড়ার অরুণ ব্যানার্জী, শহীদ রীমু সরণিতে নুরুল আলম, সুলতানপুরের আবু বক্কর সিদ্দিকের বাড়িসহ ১৫ বাড়িতে ডাকাতি হয়।
প্রায় প্রতিরাতে শহরের কোনো না কোনো বাড়িতে হানা দিয়ে সশস্ত্র ডাকাতেরা টাকা, সোনার গয়নাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে চলে যায়। গত ৩১ ডিসেম্বর ডাকাতিতে বাধা দেওয়ায় ডাকাতেরা অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা, তাঁর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে জখম করে। তাঁরা অভিযোগ করেন, এসব ডাকাতির ঘটনায় দৃশ্যত কেউ গ্রেপ্তার হয়নি। লুণ্ঠিত মালামালও উদ্ধার হয়নি। একের পর এক ডাকাতির ঘটনায় বাধ্য হয়ে এলাকাবাসী নিজেদের উদ্যোগে ‘সজাগ’ নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। ওই সংগঠনের উদ্যোগে রাত জেগে পাহারা দেওয়া শুরু হয়েছে। ১০ জানুয়ারি থেকে রাত জেগে তাঁরা কাটিয়া সরকারপাড়া, লস্করপাড়া ও শহীদ রীমু সরণিতে পাহারা দিচ্ছেন। প্রতিটি দলে ৮-১০ জন করে কমপক্ষে তিনটি দলে ভাগ হয়ে এলাকাসী ওই পাহারা দেন। রাত ১২টা থেকে ভোর সাড়ে সাতটা পর্যন্ত টর্চলাইট, লাঠি, হকিস্টিক ও বাঁশি নিয়ে পালাক্রমে পাহারা দেওয়া হচ্ছে।
রীমু সরণির পাহারা দলের সদস্য ফরিদ আহমেদ, সরকারপাড়া দলের আব্দুল হান্নান ও লস্করপাড়া পাহারা দলের নান্টু হোসেন জানান, তাঁরা পাহারা দেওয়া শুরু করার পর এলাকায় আর চুরি-ডাকাতি হয়নি। মাঝেমধ্যে রাতে পুলিশও এসে তাঁদের খোঁজ নিচ্ছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, ডিসেম্বর ও জানুয়ারির প্রথম সপ্তাহে কয়েকটি বাড়িতে বড় ধরনের চুরির ঘটনা ছাড়াও ডাকাতির ঘটনার ঘটেছে। এসব ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ পাহারার পাশাপাশি কমিউনিটি পুলিশ ফোরাম ও এলাকাবাসী নিজ উদ্যোগ পাহারা দিচ্ছে রাত জেগে। এতে ভালো ফল হয়েছে। বর্তমানে চুরি ও ডাকাতি বন্ধ হয়ে গেছে।