সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে ও আশাশুনিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে শহরের সংগীতা মোড়ে বাসের ধাক্কায় আবদুল গফফার গাজী (৪০) নামের এক ভ্যানচালক নিহত হন। এর আগে দুপুরে আশাশুনিতে বালির ট্রলি ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (১০) নামের পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালীগঞ্জ থেকে ফিরে আসা একটি দ্রুতগামী বাস সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে পৌঁছে ভ্যানচালক আবদুল গফফারকে ধাক্কা দেয়। স্থানীয় লোজন উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এর আগে দুপুরে বাইসাইকেল নিয়ে বুধহাটা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল সাগর। পথে ন্যাজারিন মিশনের সামনে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালির ট্রলির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাগর ঘটনাস্থলেই নিহত হয়। সাগর আশাশুনি উপজেলার নোয়াপাড়া গ্রামের সাবু গাইনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান ও আশাশুনি থানার ওসি আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।