সাতক্ষীরায় প্রাণসায়ের খালে পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরের মাঝ দিয়ে প্রবাহিত প্রাণসায়ের খালে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার সকালে এ অভিযান শুরু হয়।
অভিযান শুরুর আগে জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, এখন শহরের থানাঘাটা থেকে এল্লারচর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার খাল পরিষ্কার করে প্রবহমান করা হবে।
পাশাপাশি বড় বাজার এলাকায় ভরাট হয়ে যাওয়া জায়গা প্রাথমিকভাবে খনন করা হবে। শুকনো মৌসুমে খালটি কাটা হবে। জেলা প্রশাসক আরও বলেন, বেসরকারি সংস্থা সুশীলন ও ডব্লিউএফপি এ কাজে সহযোগিতা করছে।
এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের পক্ষ থেকে দেখভাল করা হবে।
প্রাণসায়ের খাল অপরিচ্ছন্নতার কারণে শহরের যে ক্ষতি হচ্ছে, তা নিয়ে আলোচনা করেন জেলা সিভিল সার্জন সালেহ আহমেদ, পৌরসভার মেয়র এম এ জলিল, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আবদুল সাদি, বেসরকারি সংস্থা সুশীলনের উপপরিচালক হাসানুজ্জামান, পৌরসভার প্যানেল মেয়র সফিকুর দৌলা, সাংবাদিক কামরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, প্রাণসায়ের খাল সাতক্ষীরার প্রাণ। এ খালকে ঘিরেই একসময় সাতক্ষীরার উন্নয়ন, যোগাযোগব্যবস্থা ও পানিনিষ্কাশনব্যবস্থা গড়ে উঠেছিল। এখন খালটি ময়লা-আবর্জনায় পূর্ণ হয়ে গেছে। খালের পাড় দিয়ে মানুষজনকে নাকে রুমাল দিয়ে চলতে হয়। কিছু মানুষ খাল দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছে। এ খাল প্রবহমান না করা গেলে সাতক্ষীরা শহরের উন্নতি তিমিরেই থেকে যাবে।