
সাতক্ষীরায় বিএনপির কর্মিসভায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রতিপক্ষের লোকজন এক নেতাকে বেধড়ক পেটানোর কয়েক ঘণ্টার মধ্যে তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে অন্তত ১১ জন। আজ বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আমানউল্লাহ আমান (৩৫)। তিনি জেলা মত্স্যজীবী দলের সাধারণ সম্পাদক।
আমানউল্লাহর বাবার নাম আজিজার রহমান। তিনি শহরের পুরাতন সাতক্ষীরার বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান খান আমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে পথেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে কর্মিসভা শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম।
এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য দিয়ে হাবিবুল ইসলাম মঞ্চ থেকে কর্মীদের নেমে যেতে বলেন। এ সময় সভাপতির পক্ষের নেতা-কর্মীরা মঞ্চ থেকে নামলেও সাধারণ সম্পাদক ইফতেখার আলীর পক্ষের নেতা-কর্মীরা নামতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে সভাপতির পক্ষের লোকজন মঞ্চের দিকে চেয়ার ছোড়া শুরু করেন। কিছুক্ষণ পর তাঁরা আবার লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সাধারণ সম্পাদক পক্ষের ওপর হামলা চালান। পরে সাধারণ সম্পাদক তাঁর পক্ষের লোকজন নিয়ে স্থান ত্যাগ করেন। উদ্ভূত পরিস্থিতিতে সভা শেষ করার ঘোষণা দিয়ে মঞ্চ ত্যাগ করেন নাজিমউদ্দিন আলম।
হামলায় জেলা মত্স্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান গুরুতর আহত হন। এ সময় আরও আহত হন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার আলী, জেলা শ্রমিক দলের সভাপতি আবদুস সামাদ, শহর বিএনপির সভাপতি হাবিবুর রহমান, কর্মী আবদুল, মো. সেলিম, শেখ মাসুম বিল্লাহ, আরিফুল ইসলাম। তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপির সহসভাপতি কাজী আলাউদ্দিন জানান, সভাপতি কর্মীদের মঞ্চ থেকে নেমে যেতে বললেও সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলীর সমর্থকেরা না নামায় এই হট্টগোল শুরু হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলী প্রথম আলো ডটকমকে বলেন, জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলামের নির্দেশে এ ঘটনা ঘটে। পূর্বপরিকল্পিতভাবে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। তিনি অভিযোগ করেন, কর্মিসভা শুরু হলে সভাপতির নির্দেশে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল হাসান ও যুবদলের সাধারণ সম্পাদক আইনুল হকের নেতৃত্বে এ হামলা চালানো হয়। তাঁরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করেন বলেও অভিযোগ করেন সাধারণ সম্পাদক।
এ বিষয়ে কথা বলার জন্য সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে কেউ লিখিত কোনো অভিযোগ করেনি বলে জানান তিনি।
সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলীর মধ্যে বিরোধ দীর্ঘ দিনের। দুজনের সমর্থকেরা দলীয় সব কর্মসূচি আলাদাভাবে পালন করে থাকেন। গত ২৯ আগস্ট জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হলে দুই পক্ষের মধ্যে নতুন করে দ্বন্দ্ব শুরু হয়। ইফতেখারের সমর্থকেরা যুবদলের কমিটি বাতিলের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করলেও হাবিবের সমর্থকেরা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেন।