সাতক্ষীরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক নেতা নিহত

সাতক্ষীরায় গতকাল শুক্রবার বিএনপির কর্মিসভায় দলের দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান (৪০)। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আরও ১২ জন আহত হয়েছেন।নিহত এবং আহত ব্যক্তিরা সবাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলীপক্ষের নেতা-কর্মী। আহত ব্যক্তিদের মধ্যে ইফতেখার আলী, জেলা শ্রমিক দলের সভাপতি আবদুস সামাদ (৬৩) এবং বিএনপির কর্মী আবদুল, মো. সেলিম, শেখ মাসুম বিল্লাহ ও আরিফুল ইসলামকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় বিএনপির সাতক্ষীরা জেলা কমিটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, এ ঘটনায় কেন্দ্র থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।দলীয় সূত্রে জানা গেছে, জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলামের সভাপতিত্বে শুরু হয় কর্মিসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম। শুরুতে হাবিবুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। এরপর তিনি মঞ্চ থেকে কর্মীদের নিচে নেমে যেতে বলেন। তখনই শুরু হয় হট্টগোল।ইফতেখার আলী অভিযোগ করেন, সভা শুরুর পর কোনো কারণ ছাড়াই সভাপতির সমর্থকেরা হট্টগোল শুরু করেন। তাঁরা তাঁর সমর্থক নেতা-কর্মীদের দিকে চেয়ার ছুড়ে মারতে থাকেন। একপর্যায়ে সভাপতি হাবিবুল ইসলামের নির্দেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল হাসান ও যুবদলের সাধারণ সম্পাদক আইনুল হকের নেতৃত্বে ৪০-৫০ জন রামদা, চায়নিজ কুড়াল, দা, রড ও লাঠিসোঁটা নিয়ে বাইরে থেকে সভাস্থলে ঢুকে তাঁদের ওপর হামলা চালান। একই কথা বলেন জেলা শ্রমিক দলের সভাপতি আবদুস সামাদ।ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমান উল্লাহকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে বিকেল চারটার দিকে তিনি মারা যান। সাবেক ছাত্রনেতা আমান সাতক্ষীরা সরকারি কলেজের ভিপি ছিলেন। তিনি সাতক্ষীরা শহরের আজিজার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার ঘটনার পর প্রধান অতিথি নাজিম উদ্দিন আলম কর্মিসভা তড়িঘড়ি শেষ করে দ্রুত চলে যান। অভিযোগের বিষয়ে জানতে জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে অপর পক্ষের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি পক্ষের তারিকুল হাসান ও আইনুল হক। দুজনই জানান, সভাপতির নির্দেশে সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরা মঞ্চ থেকে না নামায় ক্ষিপ্ত হয়ে সাধারণ কর্মীরা এ কাণ্ড ঘটিয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান খান গতকাল সন্ধ্যায় জানান, এখনো উত্তেজনা রয়েছে। তবে কোনো পক্ষ থানায় মামলা করেনি।
জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইফতেখার আলীর মধ্যে বিরোধ দীর্ঘদিনের। দুই পক্ষই দলীয় সব কর্মসূচি পালন করে পৃথকভাবে। গত ২৯ আগস্ট জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করার পর দ্বন্দ্ব আরও চরম আকার ধারণ করে। ওই কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করে সভাপতি পক্ষ। আর কমিটি বাতিলের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে সাধারণ সম্পাদক পক্ষ।