সাতক্ষীরায় ভবনের চাল ভেঙে নিহত ২
সাতক্ষীরা সীমান্তের ভোমরায় একটি পরিত্যক্ত অর্ধ পাকা ভবনের টিনের চাল ভেঙে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।
স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে গতকাল শনিবার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম সাদ্দাম হোসেন (২২)। তাঁর বাড়ি দেবহাটা উপজেলায়। প্রাথমিকভাবে অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২০ বছর।
আহত ব্যক্তিরা হলেন একই উপজেলার মোশারফ হোসেন ২৫) ও সাকিব হাসান (১৪)।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় ভোমরায় বঙ্গবন্ধু সংঘের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রচুর লোকের সমাগম হয়। আগতদের মধ্যে অনেকে মাঠে জায়গা না পেয়ে বিদ্যালয়ের একটি পরিত্যক্ত অর্ধ পাকা ভবনের টিনের ছাউনির ওপর ওঠেন। একপর্যায়ে ওই ছাউনি ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত হন দুজন। আহত দুজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।