সাতক্ষীরায় লোকসানের মুখে চিংড়িচাষিরা
সাতক্ষীরা জেলার ঘেরগুলোতে চিংড়ি মরে যাচ্ছে। আবার বাজারে চিংড়ির দামও কমে গেছে। এ অবস্থায় চিংড়িচাষিরা ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরায় ৬৬ হাজার ৭৩৫ হেক্টর জমিতে ছোট-বড় মিলিয়ে ৪৯ হাজার ১৬৩টি ঘেরে বাগদা চিংড়ির চাষ হচ্ছে। চলতি বছর চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ হাজার ৬০০ মেট্রিক টন।
শ্যামনগর উপজেলার ঝাপা গ্রামের চিংড়িচাষি নজরুল ইসলাম বলেন, তিনি ৪০ বিঘা জমিতে চিংড়ি চাষ করছেন। এতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। এ জন্য একটি বেসরকারি সংস্থা থেকে চড়া সুদে তিন লাখ টাকা ঋণ নিয়েছেন। কিন্তু মৌসুমের শুরু থেকে ভাইরাসের সংক্রমণের কারণে চিংড়ি মরে গেছে। এ ছাড়া উৎপাদিত চিংড়ির মূল্য কমে এসেছে অর্ধেকে। এভাবে চলতে থাকলে চিংড়ি চাষ ছেড়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না।
একই এলাকার শিক্ষক সুভাষ চন্দ্র মণ্ডল জানান, তিনি ১৫০ বিঘা জমিতে চিংড়ি চাষ করেছেন। চিংড়ি একটু বড় হওয়ার পর এক দফা মরে গেছে। বর্তমানে যে চিংড়ি উঠছে, তার মূল্য খুবই কম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকায়। অথচ গত বছর এ সময় চিংড়ি বিক্রি হয়েছে ৫০০-৯০০ টাকা কেজি দরে।
আশাশুনি উপজেলার লক্ষ্মীখালি গ্রামের বিমল সান চিংড়ি চাষ করেছেন ১০০ বিঘা জমিতে। পুঁইজ্বালা গ্রামের নজরুল ইসলাম চাষ করেছেন ৫০০ বিঘা জমিতে। তাঁরা জানান, ব্যাংক ও মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চিংড়ি চাষ করে এখন লোকসানে পড়েছেন। একই কথা বলেন শ্যামনগরের কামালকাটি গ্রামের আহম্মাদ আলী, ঝাপা গ্রামের পঞ্চানন গাইন ও মো. বাহাউদ্দিন।
সাতক্ষীরার চিংড়িচাষি মোকাদেছ হোসেন খান চৌধুরী বলেন, ‘ইজারা নিয়ে ৫০০ বিঘা জমিতে চিংড়ি চাষ করছি। এখন চিংড়ির দামও কম, উৎপাদিত চিংড়ি বিক্রি করা যাচ্ছে না। এতে চরম সংকটে পড়েছি।’
জেলা চিংড়ি চাষি সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, টানা অবরোধ ও দফায় দফায় হরতালে চিংড়ি বিদেশে পাঠানো যায়নি। বর্তমানে কিছু কিছু ঘেরে চিংড়ি মরে যাচ্ছে। চিংড়ির দামও গত বছরের চেয়ে অর্ধেকেরও কম।
ছোট-বড় মিলিয়ে গত বছর প্রতি কেজি চিংড়ি বিক্রি হয়েছে ৪৫০-৯০০ টাকায়। এখন বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকায়। এভাবে চললে আগামী বছর চিংড়ি চাষ অর্ধেকে নেমে আসবে।
জেলা মৎস্য কর্মকর্তা আবদুল ওয়াদুদ বলেন, চিংড়িঘেরে কমপক্ষে তিন ফুট পানি রাখার নিয়ম। কিন্তু অধিকাংশ ঘেরে এক থেকে দেড় ফুটের বেশি পানি নেই। ফলে পানি গরম হয়ে হিট স্ট্রোকে চিংড়ি মরে যাচ্ছে। প্রতিবছর এ মৌসুমে এ ধরনের কম-বেশি সমস্যা হয়ে থাকে।
আবদুল ওয়াদুদ বলেন বলেন, বাংলাদেশ থেকে ৮৫ ভাগ চিংড়ি রপ্তানি হয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে। কিন্তু বর্তমানে তারা চিংড়ি নিচ্ছে না। রাশিয়ার অর্থনৈতিক মন্দার কারণে তারাও চিংড়ি নেওয়া বন্ধ করে দিয়েছে। গত ২০-৩০ এপ্রিল ইউরোপীয় ইউনিয়নের একটি দল বাংলাদেশে এসে চিংড়ির গুণগতমান যাচাই, হ্যাচারি ও ঘের পরিদর্শন করে গেছে। তাদের প্রতিবেদন পেলে বলা যাবে তারা চিংড়ি নেবে কি না বা নিলে কী পরিমাণ নেবে। এ অবস্থা চলতে থাকলে প্রতিবছর জেলার চিংড়ি থেকে যে ১ হাজার ৫০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়, তা বন্ধ হয়ে যাবে।