সাতক্ষীরায় সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ
জামায়াতের হরতাল চলাকালে আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার বিভিন্ন সড়কে টায়ারে আগুন জ্বেলে, গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলে সড়ক অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্থানে ৩০ থেকে ৪০টি ককটেলের বিস্ফোরণ ঘটান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ছয়ঘরিয়া এলাকার সাতক্ষীরা-যশোর সড়কে টায়ারে আগুন জ্বেলে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। সেখানে তাঁরা ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটান।
শহরের অদূরে বাঁকাল এলাকায় বৈদ্যুতিক খুঁটি ফেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় পিকেটাররা। ওই এলাকায় ১৫ থেকে ২০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সকালে শহরের সংগ্রাম হাসপাতালের সামনে ও তালতলা এলাকায় ঝটিকা মিছিল বের করে হরতাল-সমর্থকেরা। পুলিশ ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
এ ছাড়া রামচন্দ্রপুর ও সাতক্ষীরা শহরের প্রবেশমুখে টায়ার জ্বেলে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে হরতালকারীরা।
হরতালে জেলার সব কটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে পণ্যবাহী কোনো ট্রাক বন্দর ছেড়ে যায়নি। নাশকতা এড়াতে শহরে পুলিশ ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।