সাতক্ষীরায় হত্যাকারীদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশরাফ মীর ও এছাক আলী গাজীর হত্যাকারীদের শাস্তি এবং ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে গতকাল সংবাদ সম্মেলন হয় l প্রথম আলো
আশরাফ মীর ও এছাক আলী গাজীর হত্যাকারীদের শাস্তি এবং ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে গতকাল সংবাদ সম্মেলন হয় l প্রথম আলো

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ভূমিহীনদের নেতা আশরাফ মীর ও এছাক আলী গাজীর হত্যাকারীদের শাস্তি ও ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আশরাফ মীরের স্ত্রী ফজিলা বেগম। গতকাল সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে ফজিলা বেগম বলেন, প্রায় এক যুগের বেশি সময় ধরে উপজেলার বৈরাগীরচর ও চিংড়িখালির খাস জমিতে ৩০০টি পরিবার বসবাস করে আসছে। দীর্ঘদিন ধরে ভূমিদস্যুরা ওই সব খাস জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল। একপর্যায়ে গত ২ মার্চ ভূমিদস্যুরা হামলা চালিয়ে ৫০-৬০টি পরিবারকে উচ্ছেদ করে। এর পরিপ্রেক্ষিতে ভূমিহীনদের নিরাপত্তা ও পুনর্বাসনের জন্য গত ১৮ আগস্ট আশরাফ মীর স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেন। ১৯ আগস্ট মন্ত্রী বিষয়টি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরার পুলিশ সুপারকে নির্দেশ দেন। এরপর ২৪ আগস্ট কালিগঞ্জের ইন্দ্রনগর গ্রামের আবুল হোসেন পাড়, শহীদুল পাড়, করিম পাড় ও রহিম পাড়ের নেতৃত্বে তাঁর স্বামী আশরাফ মীর ও ভাই এছাক আলী গাজীকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, তাঁরা মামলা করতে গেলে পুলিশ প্রকৃত আসামিদের আড়াল করতে তা গ্রহণ করেনি। পরে কালিগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক সাগর আলী বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি এবং অস্ত্র আইনে একটি মামলা করেন। মামলায় ৬৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে। দুটি মামলায় হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত অনেকের নামই নেই। মামলায় নিহত ওই দুজনের নামও আছে। নিহত ব্যক্তিদের স্বজনদের আসামি করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস বিশ্বাস বলেন, ঘটনার দিন তিনি ছুটিতে ছিলেন। নিহত ব্যক্তিদের নামে মামলা হওয়ার কথা নয়। নিহত ব্যক্তির স্ত্রী মামলা করতে গেলে তা নেওয়া হয়নি কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুনেছেন তার আগেই পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে।