সাতক্ষীরায় ২০ হাজার মানুষ পানিবন্দী দুই মাস
পানিনিষ্কাশন হতে না পারায় সাতক্ষীরা সদর উপজেলার তিনটি ইউনিয়নের ৩০টি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুই মাস ধরে এসব গ্রামের চার হাজার পরিবারের ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। এ ছাড়া ভেসে গেছে প্রায় দেড় হাজার ঘেরের মাছ, ডুবে নষ্ট হয়ে গেছে প্রায় এক হাজার বিঘা জমির ধান।
জলাবদ্ধতা নিরসনের দাবিতে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার লাবসা, বল্লী ও ঝাউডাঙ্গা ইউনিয়নের তিন হাজার লোক সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের জজ আদালতের সামনে মানববন্ধন করে।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বেতনা নদী ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বল্লী, লাবসা ও ঝাউডাঙ্গা ইউপির ৩০টি গ্রামে পানি আর পানি। অধিকাংশ পরিবার পানির মধ্যে বসবাস করছে। পুকুর, চিংড়িঘের ও ধানখেত—সব পানিতে একাকার হয়ে গেছে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা জানান, ঝাউডাঙ্গার ওয়ারিয়া, হাজীপুর, গোবিন্দকাটিসহ ১০টি গ্রাম; বল্লীর ভাটপাড়া, রায়পুর, ঘরচালাসহ ১২টি গ্রাম এবং লাবসার দেবনগর, গোপীনাথপুর, রাজনগরসহ আটটি গ্রাম গত ১৫ সেপ্টেম্বর থেকে তলিয়ে আছে।
জেলা মৎস্য কর্মকর্তা আবদুল ওয়াদুদ জানান, সদর উপজেলার তিনটি ইউনিয়নে এক হাজার ২৬২টি চিংড়িঘের ও পুকুরের মাছ ভেসে গেছে।
সদর উপজেলার কৃষি কর্মকর্তা দীপক কুমার রায় জানান, জলাবদ্ধতার কারণে ৯৭০ বিঘা জমির পাকা ধান নষ্ট হয়ে গেছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ওই তিনটি ইউনিয়নে ত্রাণ কার্যক্রম চালু করা হয়েছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম জানান, ইতিমধ্যে বেতনা নদীর ঝাউডাঙ্গা থেকে সুপারিঘাটা পর্যন্ত ২৫ কিলোমিটার নদী খননের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছে। পানি বেশি থাকায় ঠিকাদার কাজ শুরু করতে পারছেন না। সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে এ কাজ ১০-১৫ দিনের মধ্যে শুরু করা যাবে।