সাতক্ষীরায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১
পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ইসলাম মোড়ল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর চারটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার যশোর-সাতক্ষীরা সড়কের ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইসলামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইনামুল হকের ভাষ্য, গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ নিয়মিত টহলে বের হয়। যশোর-সাতক্ষীরা সড়কের ছয়ঘরিয়ায় যাত্রীবাহী বাসে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে আজ ভোর পৌনে চারটার দিকে পুলিশ ওই এলাকায় যায়।
এরপর ১৬-১৭ জনের ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে প্রথমে বোমার বিস্ফোরণ ঘটায় ও পরে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও তিনটি রাম দা উদ্ধার করা হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সা কর্মকর্তা পরিমল কুমার বিশ্বাস জানান, নিহত ব্যক্তির বুকের দুই পাশে দুটি গুলি লেগেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
এই প্রতিনিধি নিহত ব্যক্তির গ্রামের বাড়ি পাথরঘাটায় গিয়ে তাঁর কোনো স্বজনকে খুঁজে পাননি। গ্রামের লোকজন এই সাংবাদিকের কাছেই ইসলামের মৃত্যুর খবর শুনতে পান। তাঁরা জানান, ইসলাম দুই বিয়ে করেছেন। তিনি এই গ্রামে থাকতেন না।
সদর থানার ওসি আরও জানান, নিহত ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা ও কলারোয়া থানায় ১১টি ডাকাতির মামলা রয়েছে। এ ছাড়া যশোরের কেশবপুর থানায়ও মামলা রয়েছে।
আজ ভোরে পুলিশের ওপর হামলা ও কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে থানার উপপরিদর্শক কবির হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় নিহত ইসলাম মোড়লের নাম উল্লেখ করে ১৫-১৬ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।