সাতক্ষীরার এসপি মোল্যা জাহাঙ্গীরকে প্রত্যাহার
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোল্যা জাহাঙ্গীর হোসেনকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জয়দেব চৌধুরীর কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করেন।
খুলনা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, গত বুধবার বিকেলে সাতক্ষীরার এসপি মোল্যা জাহাঙ্গীর হোসেনের প্রত্যাহারসংক্রান্ত আদেশ পুলিশ সদর দপ্তর থেকে ফ্যাক্স বার্তায় পাঠানো হয়। আজ (গতকাল) বৃহস্পতিবারের মধ্যে তাঁকে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করার জন্য নির্দেশ দেওয়া হয়। সাতক্ষীরার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করায় তাঁকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
গত পাঁচ মাসে জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ১৪ জন নেতা-কর্মী খুন হন। নিহত হন একজন সাংবাদিক। অভিযোগ রয়েছে, এসব মামলার আসামিরা প্রকাশ্যে জামায়াত-শিবিরের মিছিল ও অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দিলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।