সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনালে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে এ-সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল দখল করা নিয়ে গতকাল দুপুরে আওয়ামী লীগের দুটি সহযোগী সংগঠনের দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই দুই নেতা হলেন জেলা শ্রমিক লীগের সভাপতি ও বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম এবং সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। সংঘর্ষে দুজন আহত হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের চারজন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর পর থেকে বাস টার্মিনাল এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় তিনটি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

সহিংসতা এড়াতে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এ-সংক্রান্ত আদেশ গতকাল দিবাগত রাত ১২টা ৫৫ মিনিট থেকে মাইকযোগে এলাকাবাসীকে জানানো হয়।