সাতক্ষীরার চার কৃতী সন্তানকে সম্মাননা
নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় সাতক্ষীরা জেলার চার কৃতী সন্তানকে স্বর্ণপদকে দিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে। তাঁরা হলেন জাতীয় অধ্যাপক ডা. এম আর খান, গণসংগীতশিল্পী মরহুম শেখ লুৎফুর রহমান, শিক্ষাবিদ গোলাম রহমান ও ক্রীড়াবিদ হাবিবুর রহমান।
গতকাল রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে ঢাকার সাতক্ষীরা জেলা জন সমিতি এবং সাতক্ষীরা ফাউন্ডেশন আয়োজিত স্বর্ণপদক অনুষ্ঠানে এ চার গুণীজনকে সম্মাননা জানানো হয়।
সাতক্ষীরা জেলা জন সমিতির সভাপতি রেজওয়ান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য মোহাম্মদ মোহাব্বত খান, অভিনেতা আফজাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ব্যারিস্টার রফিকুল হক বলেন, ‘গুণীজনদের সম্মান না দেখালে কেউ তাঁকে সম্মান দেবে না। গুণী মানুষকে সম্মান দেখালেই সবাই আপনাকে সম্মান দেখাবে। আজকে যাঁদের সম্মান জানানো হলো, সবাই এটা জানুক যে গুণীজনদের সম্মান জানানো হয়।’
ডা. এম আর খান বলেন, ‘আজকে আমি যে স্বর্ণপদক পেলাম, তাতে আমার কাজের স্বীকৃতি দেখতে পাচ্ছি। ফলে ভবিষ্যতে আমার দায়িত্ব আরও বেড়ে গেল।’