একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরার সাবেক সাংসদ ও জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল খালেক মণ্ডলসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত মঙ্গলবার বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আদেশ দেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আব্দুল খালেক মণ্ডলের পক্ষে ছিলেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন। আরেক আসামি আব্দুল্লাহ-হেল বাকীর পক্ষে ছিলেন আইনজীবী এম আবদুর রউফ ও আব্দুস সাত্তার পালোয়ান।
চার আসামির মধ্যে ২০১৫ সালের ১৬ জুন খালেক মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। গত ৮ মার্চ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর শতবর্ষী আব্দুল্লাহ হেল-বাকীকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়। পরে ট্রাইব্যুনালে হাজির করা হলে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর হেফাজতে শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেওয়া হয়। বয়স বিবেচনায় ১০৩ বছর বয়সী বাকীকে জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন প্রসিকিউটর চমন।
অপর দুই আসামি খান রোকনুজ্জামান ও জহিরুল ইসলাম পলাতক। গত ৮ ফেব্রুয়ারি আব্দুল্লাহ-হেল বাকীসহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে। এ মামলায় ২০১৫ সালের ৭ আগস্ট তদন্ত শুরু হয়।